‘জান্তার সঙ্গে রফায় এসেছেন সু চি’
গণতান্ত্রিক রূপান্তরের ছদ্মবেশে সেনাশাসন চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কড়া সমালোচনা করেছে সেদেশের আরেকটি দল।
‘গণতান্ত্রিক রূপান্তরের ছদ্মবেশে সেনাশাসন চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কড়া সমালোচনা করেছে সেদেশের আরেকটি দল।
সাবেক প্রধানমন্ত্রী উ নুর দল পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্টির (পিডিপি) জ্যেষ্ঠ নেতা বো অং ডিন বলেছেন, “আমার দেশে এখন আমরা সেনাবাহিনী এবং অং সান সু চির মধ্যে অতি সূক্ষ্ম কিন্তু কার্যকর সহযোগিতামূলক সম্পর্ক দেখতে পাচ্ছি।”
১৯৬২ সালে সেনা অভুত্থানে ক্ষমতা হারানোর সাত বছর পর ১৯৬৯ সালে পিডিপি গঠন করেন মিয়ানমারের প্রথম প্রধানমন্ত্রী উ নু। জেনারেল নি উইনের নেতৃত্বে সেনাবাহিনী তার সরকারকে উৎখাত করে। এরপর সেনাশাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পিডিপি।
ভারত সফররত বো অং ডিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সেনাবাহিনী মিয়ানমারকে দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী অর্থনীতির দেশ থেকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটিতে পরিণত হয়েছে।”
মিয়ানমারে গণতান্ত্রিক রূপান্তরের যে প্রক্রিয়া চলছে তাতে সহযোগিতা দেয়ায় জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেন তিনি।
“এই দ্বৈততা চলতে পারে না। সর্বত্র সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকা অবস্থায় একই সময়ে কীভাবে গণতন্ত্র চলতে পারে? জনগণের ওপর যে নৃশংসতা চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর বার্মার সেনাবাহিনী যে নিষ্ঠুরতা চালিয়েছে তা না দেখে থাকে কীভাবে বিশ্ব?”
বিভিন্ন পর্যায়ে সেনাবাহিনীর কর্তৃত্ব রেখেই ক্ষমতায় আসার জন্য অং সান সু চি সামরিক জান্তার সঙ্গে সমঝোতা করেছেন বলেও অভিযোগ করেন বো অং ডিন।
২০১৫ সালে মিয়ানমারে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং দেশে বর্তমান পরিস্থিতি চলতে থাকলে অং সান সু চির দল এনএলডি ওই নির্বাচনে জয়ী হবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা ।
সর্বশেষ উপ-নির্বাচনে এনএলডি ৪৫টি আসনে জয় পায়।
বো অং ডিন বলেন, “গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন-এ ভাবমূর্তি নিয়ে ছদ্মবেশে সেনাবাহিনীকে নিষ্ঠুরতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন অং সান সু চি। তার অবস্থান এখন রাজনৈতিক ছলনা হয়ে দাঁড়িয়েছে।”
গণতন্ত্রের জন্য মিয়ানমারের জনগণের আকাঙক্ষা বুঝতে ব্যর্থতা এবং অং সান সু চিকে দেশের একমাত্র নেতা হিসেবে বিবেচনা করায় জাতিসংঘের সমালোচনা করেন এই পিডিপি নেতা।
“জাতিসংঘের নেতারা আমাদের দেশে সফরে এসে অং সান সু চিকে স্থায়ী রাজনৈতিক নেতা এবং এনএলডিকে একমাত্র রাজনৈতিক দল হিসেবে তুলে ধরেন। এটা অন্যায়।”
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থে সু চির দল পরিচালিত হয় বলেও মন্তব্য করেন বো অং ডিন। তার দাবি, মিয়ানমারে পশ্চিমা এই দুটি দেশের অনেক চর রয়েছে।
“অং সান সু চির পুরো রাজনৈতিক কর্মকাণ্ড, মিয়ানমার ও বহির্বিশ্বে তার প্রতি এনজিও সমর্থন এবং দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে তার ও তার এজেন্ডাকে ফলাও করে প্রচার করা-এর সব কিছুই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থায়নে হয়।”
‘বার্মা ক্যাম্পেইন ইউকে’র ৩৬ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উঠে এসেছে বলে জানান তিনি।
