যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার রকেট
উত্তর কোরিয়ার ১০ হাজারের বেশি কিলোমিটার দূরত্বে রকেট ছোড়ার প্রযুক্তি আছে। এ দীর্ঘ পাল্লার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকাও। রকেটের ধ্বংসাবশেষ পরীক্ষা করে একথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার হাতে ১০ হাজারেরও বেশি কিলোমিটার দূরত্বে রকেট উৎক্ষেপণের প্রযুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকা এ দীর্ঘ পাল্লার আওতায় রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
এ মাসেই উত্তর কোরিয়ার ছোড়া রকেটের ধ্বংসাবশেষ পরীক্ষা করে এমন তথ্যই পাওয়া গেছে বলে রোববার জানান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
উত্তর কোরিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও রকেট না ছোড়ার জন্য আন্তর্জাতিক চাপের মুখেও গত ১২ ডিসেম্বর রকেট উৎক্ষেপণ করে দেশটি। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপনের উদ্দেশ্যে ‘উনহা-৩’ নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানায় তারা।
তবে কৃত্রিম উপগ্রহ নয়, বরং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্যই উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে সমালোচকরা।
উৎক্ষেপিত রকেটের একটি অংশ দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলের সমুদ্রসীমায় পড়লে তা উদ্ধার করে দেশটি।
এক সংবাদ ব্রিফিংয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘উনহা-৩’র উপাদানগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে, ৫০০-৬০০ কিলোগ্রাম ওজনের একটি বোমা ১০ হাজারের বেশি কিলোমিটার দূরত্বে ছুড়তে পারবে উত্তর কোরিয়া।’
এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো বিফল হয়।
তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহারযোগ্য ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিতে দক্ষ হতে উত্তর কোরিয়ার আরো বহুদিন লেগে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ বক্তব্য সমর্থন করছে দক্ষিণ কোরিয়াও। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, উনহা-৩ রকেটে এ ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে পমাণ যাওয়া যায়নি।
উত্তর কোরিয়ায় পরমাণবিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। ২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা জারি হয়।
