২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সংবিধানপন্থীদের জয়

বিরোধীদলের এক নেতা জানিয়েছেন, তাদের অনানুষ্ঠানিক গণনায়ও সংবিধানের পক্ষে বেশি ভোট পড়েছে বলে দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

গণভোটে মিশরের ইসলামপন্থী নিয়ন্ত্রিত আইনপরিষদের প্রস্তাবিত সংবিধানের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে বলে স্বীকার করেছে দেশটির সরকার বিরোধী শিবির। দেশকে ইসলামীকরণ করা হয়েছে অভিযোগে প্রস্তাবিত সংবিধানের বিরোধিতা করেছে তারা।

প্রস্তাবিত খসড়া সংবিধান নিয়ে গণভোট শেষ হওয়ার পর রোববার এ প্রতিক্রিয়া জানায় মিশরের বিরোধীদলগুলো।

শনিবার গণভোটের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ১৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

অনানুষ্ঠানিক গণানয় খসড়া সংবিধানের পক্ষে অন্তত ৬৪ শতাংশ ভোট পড়েছে বলে দাবী করেছে প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সমর্থক সংবিধানপন্থী মুসলিম ব্রাদারহুড।

বিরোধীদলের এক নেতা জানিয়েছেন, তাদের অনানুষ্ঠানিক গণনায়ও সংবিধানের পক্ষে বেশি ভোট পড়েছে বলে দেখা গেছে।

তবে ফলাফলের উপর আপিল শুনানি শেষ করে সোমবারের আগে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করছে না গণভোট কমিটি।

খসড়া সংবিধানটি গৃহীত হলে আগামী দু’মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খসড়া সংবিধানের সমর্থক প্রেসিডেন্ট মুরসি ও মুসলিম ব্রাদারহুড প্রস্তাবিত সংবিধানটিকে মিশরের গণতান্ত্রিক উত্তরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবী করেছে।

প্রায় দু’বছর আগে গণআন্দোলনে স্বৈরশাসক হোসনি মুবারককে পদচ্যুত করার পরে এ সংবিধানের মাধ্যমেই মিশরের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হতে পারে বলে ধারণা করছেন কোনো কোনো বিশ্লেষক।

কিন্তু বিরোধীরা বলছে, প্রস্তাবিত সংবিধানটি অতিরিক্ত ইসলাম নির্ভর এবং এতে মুসলিম ব্রাদাহুডের দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়েছে। এতে দেশের প্রায় ১০ শতাংশ খ্রিস্টান ও নারীদের উপেক্ষা করা হয়েছে। ফলে প্রস্তাবিত সংবিধান গৃহীত হলে দেশের সঙ্কট আরো বাড়বে বলে মনে করছে বিরোধীদলগুলো।

গণভোটের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের পর বিরোধী দলীয় জোট অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোটগ্রহণের দাবি তুলেছিলো। তবে সামগ্রিক গণভোটে খসড়া সংবিধানের পক্ষেই জনমত গিয়েছে বলে মেনে নিয়েছে তারা।

প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের একজন জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, ‘তারা এখন দেশ শাসন করছে, ভোট কার্যক্রম চালাচ্ছে এবং মানুষকে প্রভাবিত করছে। ফলে এর বাইরে আর কিছু আশা করিনি আমরা।