২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিকেট রোগের ঝুঁকি কমাতে পারে স্বল্পমূল্যের ভিটামিন ডি

ভিটামিন ডি’র অভাবের সঙ্গে ডায়বেটিস, যক্ষা, মাল্টিপল স্কেলোরোসিসের মতো রোগগুলোরও সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 06:12 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

স্বল্পমূল্যের ভিটামিন ডি গ্রহণ করলে রিকেট রোগের ঝুঁকি কমে স্বাস্থ্যের উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের প্রায় ২৫ শতাংশ শিশু ভিটামিন ডি’র অভাবে ভুগছে বলে জানিয়েছে দ্য রয়েল কলেজ অব পিডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ (আরসিপিসিএইচ)। এর ফলে রিকেট রোগের হারও বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সংস্থাটি।

যুক্তরাজ্যের শ্বেতাঙ্গদের মধ্যে অন্তত ৫০ শতাংশ এবং আফ্রিকান ও এশিয়ানদের মধ্যে ৯০ শতাংশই ভিটামিন ডি’র অভাবে ভুগছে বলে জানিয়েছে বিবিসি।

১৯৯৬ সালে যুক্তরাজ্যে রিকেট রোগীর সংখ্যা ছিলো ৮৩ জন, ২০১১ সালে এ রোগীর সংখ্যা এসে দাঁড়ায় ৭৬২ জনে।

খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তনের মাধ্যমে শরীরে ভিটামিন ডি’র অভাব কিছুটা পূরণ করা সম্ভব হলেও তা সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শরীরে ভিটামিন ডি’র অভাবে রিকেট রোগ দেখা দেয়। এ রোগ হলে মানুষের শরীরের হাড়গুলো নরম হয়ে বিকৃত হয়ে যায়। এর প্রাথমিক লক্ষণগুলো হলো শরীরে পেশি ও হাড়ে ব্যাথা এবং কবজি ও পাজরের হাড়ের কাছাকাছি ফুলে যাওয়া।

এছাড়া ভিটামিন ডি’র অভাবের সঙ্গে ডায়বেটিস, যক্ষা, মাল্টিপল স্কেলোরোসিসের মতো রোগগুলোরও সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভিটামিন ডি’র অভাব পূরণে গর্ভবতী ও স্তন্যদানকারী মা, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী নারীদের ভিটামিন ডি’র বড়ি সেবন করার সুপারিশ করেন যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডেইম স্যালি ডেভিস।

এছাড়া তৈলাক্ত মাছ, ডিম, মাশরুমে ও সূর্যের আলোতেও কিছু পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসক বারবার মারি বলেন, ইদানিং শিশুরা ঘরের ভেতরেই বেশি সময় কাটায়। তাদের আরো সূর্যের আলো দরকার।