২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের বাঁচাতে জীবন দিলেন শিক্ষিকা

 এক তরুণকে হঠাৎ ক্লাসরুমে ঢুকে বন্দুক তুলতে দেখেই বিপদ আঁচ করেছিলেন শিক্ষিকা ভিক্টোরিয়া সটো। পেছনে থাকা সারি সারি শিশুমুখের নিরাপত্তার কথা ভেবে নিজের শরীর দিয়ে তাদের আড়াল করার চেষ্টা করেন তিনি, বুক পেতে দেন গুলির সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

 এক তরুণকে হঠাৎ ক্লাসরুমে ঢুকে বন্দুক তুলতে দেখেই বিপদ আঁচ করেছিলেন শিক্ষিকা ভিক্টোরিয়া সটো। পেছনে থাকা সারি সারি শিশুমুখের নিরাপত্তার কথা ভেবে নিজের শরীর দিয়ে তাদের আড়াল করার চেষ্টা করেন তিনি, বুক পেতে দেন গুলির সামনে।

ঘাতক অ্যাডাম লানজার (২০) বন্দুকের গুলি থামাতে পারেননি সটো। কিন্তু তার এই আত্মত্যাগে বেঁচে গেছে কানেটিকাটের নিউ টাউন স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের বহু শিশুর প্রাণ।

শিক্ষার্থীদের বাঁচাতে প্রায় একইভাবে প্রাণ দিয়েছেন আরও দুই শিক্ষিকা ডন হকস্প্রাঙ্গ ও মেরি শারল্যাক।

শুক্রবার সকালের ওই ঘটনায় ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে নেমে এসেছে শোক । চোখের পানি আটকাতে পারেননি প্রেসিডেন্ট বারাক ওবামাও।

কানেটিকাট রাজ্য পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট পল ভান্স জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ শিশুর লাশ উদ্ধার করে, যাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। পরে হাসপাতালে মৃত্যু হয় আরো দুই শিশুর।

সেই সঙ্গে হামলাকারীসহ সাতজন বয়স্ক ব্যক্তির লাশও উদ্ধার করা হয়। সব মিলিয়ে নিহতের সংখ্যা ২৮ জন বলে পল ভান্স জানান।

অ্যাডাম লানজা গুলি চালানোর পর আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি স্কুলশিশুদের হত্যা করলেন, তা এখনো জানা যায়নি।

শনিবার নিউ টাউনের এক সংবাদ সম্মেলনে নিহতদের নামের তালিকা প্রকাশের সময় আবেগ-আপ্লুত হয়ে পড়েন পোল ভ্যান্স ।

তিনি বলেন, স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের আরেকজন কর্মকর্তা ১৮ জন ছাত্র-ছাত্রীর জীবন বাঁচিয়েছেন। গুলির শব্দ শোনামাত্র তিনি ওই শিশুদের লাইব্রেরির ক্লোজেটে ঢুকিয়ে দেন। দরজা-জানালা এমনভাবে বন্ধ করেন যাতে কেউ বুঝতে না পারে যে ভেতরে কেউ রয়েছে।

পুলিশ বলছে, অ্যাডাম এই হত্যাযজ্ঞে যে দুটি অগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, সেগুলো তারই মায়ের। সেমি-অটোমেটিক এসব অস্ত্র খুবই শক্তিশালী। তার মা বন্দুক সংগ্রহ করতেন। বাসায় মাকে হত্যার পরই অ্যাডাম ছুটে যায় স্কুলে।

নিহতদের স্মরণে রাতেনিউ টাউনের সেইন্ট রোজ অফ লিমা ক্যাথোলিক চার্চে সমবেত হয় স্থানীয়রা। মোমবাতি জ্বালিয়ে প্রিয়জনকে স্মরণ করে স্বজনহারানো পরিবারের সদস্যরা। এ সময় ওই গির্জায় দেখা যায় উপচে পড়া ভিড়।

কানেটিকাট ছাড়াও নিউ ইয়র্ক, নিউ জার্সী, ম্যাসাচুসেটস, রোডআইল্যান্ড, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানে শনিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেছেন। অগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন আইন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

২০০৭ সালে ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩২ জনের প্রাণহানির পর এতবড় ঘটনা যুক্তরাষ্ট্রে আর ঘটেনি।

হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শিশুদের বাবা-মা, বোন, স্বজন, সবার জন্য আমাদের মন আজ ব্যথিত।...এই ঘটনায় সান্ত্বনা জানানোর ভাষা আমার নেই।”

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেয়া হবে জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, “এ ধরনের হৃদয়বিদারক ঘটনা রোধে আমরা কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছি।”

রাজনৈতিক মতবিরোধকে পাশ কাটিয়ে এ ধরনের হত্যাকাণ্ড রোধে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।