২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবাধিকার লঙ্ঘণ করছে পাকিস্তানি সেনাবাহিনী’

আফগান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী নতুন নিরাপত্তা আইন ও ঔপনিবেশিক আমলের দণ্ডবিধি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘণ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

আফগান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী নতুন নিরাপত্তা আইন ও ঔপনিবেশিক আমলের দণ্ডবিধি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘণ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার অ্যামনেস্টির প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের দ্য ডন সংবাদ মাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে তালেবান ও আল-কায়েদা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সহিংসতা ও বিচারহীনতার কারণে মানবাধিকার সঙ্কট দেখা দিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী কোনো বিধান ও বিচার ছাড়াই কয়েক হাজার মানুষকে বন্দী করে রেখেছে বলে এ প্রতিবেদনে দাবি করা হয়। এ পরিস্থিতির শিকার, প্রত্যক্ষদর্শী, আত্মীয়স্বজন, আইনজীবী, কর্মকর্তা ও সেনাসদস্যদের সাক্ষাৎকারের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

সেনা হেফাজতে নিহত ও নির্যাতনের ঘটনার তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক এ সংস্থাটি।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অ্যামনেস্টির উপপরিচালক পলি ট্রাসকট বলেন, ‘প্রায় প্রতি সপ্তাহেই সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারকৃতদের লাশ তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়, অথবা পার্বত্যাঞ্চলের বসতির আশেপাশে খুঁজে পাওয়া যাচ্ছে।’

যারা নিখোঁজ রয়েছে আদালত তাদের খোঁজে তদন্তের আদেশ দিলেও হেফাজতে নির্যাতন, গুম ও মৃত্যুর এসব ঘটনায় কোনো সেনা সদস্যের বিচার বা শাস্তি হয়নি বলে জানিয়েছে অ্যামনেস্টি।

পলি ট্রাসকট বলেন, ‘পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সহিংসতার এ চক্র বন্ধ করতে দেশটির ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা পুনর্গঠনে অতিসত্ত্বর পদক্ষেপ নিতে হবে সরকারকে।’

২০১১ সালে দেশটির সেনাবাহিনীকে আটক ও গ্রেপ্তারের ক্ষমতা দেয়ার আদেশ প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিচার ব্যবস্থা পুনর্গঠনে ওইসব এলাকায় আদালত ও পার্লামেন্টের কার্যক্রম বিস্তৃত করার আহ্বানও জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রে ৯/১১’র সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে পাকিস্তানে জঙ্গি আক্রমণে ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম মোকাবেলার জন্য সেনাবাহিনী সক্রিয় রয়েছে বলে দাবি করেছে এর সরকার।