ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বান্নু শহরের নিকটবর্তী কাকি এলাকার এক থানায় জঙ্গি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। শহরটি দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি অধ্যুষিত অঞ্চলের নিকটবর্তী।
সোমবার এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানি তালেবান ।
কিভাবে হামলাটি শুরু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড নিয়ে থানাটিতে হামলা চালায়। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয় বলে জানা গেছে।
এতে তিন পুলিশ সদস্য, দুই হামলাকারী ও তিন বেসামরিক নাগরিক নিহত হন। নিহত বেসামরিক নাগরিকরা থানা সংলগ্ন মসজিদে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হামলার দায়িত্ব স্বীকার করে তালেবান জানিয়েছে, তালেবানের নিহত শীর্ষ নেতা বায়তুল্লাহ মেহসুদের এক আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে হামলাটি চালানো হয়েছে।
প্রায় আধঘন্টা ধরে থানাটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এ সময় পাশ্ববর্তী মসজিদ ও দোকানপাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনাস্থল কাকি এলাকাটি বান্নু শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৬৩০ ঘ.
bdnews24