জেনেভা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বের বিভিন্ন এলাকায় নিরীশ্বরবাদী ব্যক্তিরা হয়রানি ও বৈষ্যমের শিকার। এ ধরনের দৃষ্টিভঙ্গী প্রকাশের কারণে নয়টি দেশে তারা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে।
সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট এন্ড এথিক্যাল ইউনিয়ন (আইএইচইইউ) প্রকাশিত “চিন্তার স্বাধীনতা ২০১২” নামের এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, “নিরীশ্বরবাদীরা” ইসলামিক দেশগুলোতেই সবচেয়ে মারাত্মক নিগ্রহণের শিকার হন। কখনো কখনো রাষ্ট্রের হাতে বা রাষ্ট্রধর্মের পক্ষপাতীদের হাতে এরা নিষ্ঠুর নির্যাতনের শিকার হন।
এসব দেশের পাশাপাশি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির উল্লেখ করে বলা হয়, এই দেশগুলোতে ধর্মানুসারীদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। নিরীশ্বরবাদী ও মানবতাবাদীদের এসব দেশগুলোতে বহিরাগত হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে এমন দেশও আছে যেখানে আইন করে নিরীশ্বরবাদীদের বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে, তাদের বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করার বিধান রাখা হয়েছে, এমনকি তাদের বৈবাহিক অধিকারও সঙ্কুচিত করা হয়েছে।
জরিপকৃত ৬০টি দেশের মধ্যে সাতটি দেশে নিরীশ্ববাদিতা বা রাষ্ট্রধর্ম থেকে বিচ্যুতির জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। এসব দেশগুলো হলো আফগানিস্তান, ইরান, মালদ্বীপ, মৌরিতানিয়া, পাকিস্তান, সৌদি আরব ও সুদান।
অন্যান্য দমনমূলক আইনের মধ্যে গণশিক্ষা কার্যক্রমে নিরীশ্বরবাদীদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সরকারি দপ্তরগুলোতে তাদের চাকরি করার অধিকার রুদ্ধ করা হয়েছে, ধর্মের সমালোচনার কারণে তাদেরকে অপরাধী হিসেবে দোষী সব্যস্ত করার বিধান রাখা হয়েছে এবং পিতামাতার ধর্ম ত্যাগ করার জন্য তাদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত ও জর্দানে ধর্ম নিয়ে নিরীশ্বরবাদী অথবা মানবতাবাদী কোনো কিছু প্রকাশ করা পুরোপুরি নিষিদ্ধ অথবা কঠোর বিধিনিষেধ আরোপিত।
মালয়েশিয়ার মতো কয়েকটি দেশে নাগরিকদের রাষ্ট্র স্বীকৃত অল্প কয়েকটি ধর্মের কোনো একটির অনুসারী বলে নিবন্ধিত হতে হয়। রাষ্ট্র স্বীকৃত এসব ধর্মগুলো সাধারণত ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম হয়ে থাকে।
ধর্ম নিরপেক্ষ বলে নিজেদের জাহির করা ইউরোপ, সাহারা মরুভূমি সংলগ্ন আফ্রিকার দেশগুলো এবং ল্যাটিন ও উত্তর আমেরিকার দেশগুলো খ্রিস্ট্রীয় গির্জাগুলোকে শিক্ষা ও অন্যান্য গণসেবা দেওয়ার ক্ষেত্রে সুবিধা দিয়ে থাকে।
গ্রিস ও রাশিয়ায় অর্থোডক্স গির্জাকে কঠোর মনোভাবের সঙ্গে সমালোচনা থেকে রক্ষা করা হয়। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে এসব গির্জার পুরোহিতদের বিশেষ সম্মানিত আসন দেওয়া হয়। আর যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষে চার্চ অব ইংল্যান্ডের গির্জার বিশপের জন্য সব সময় আসন বরাদ্দ থাকে।
যুক্তরাষ্ট্রে ধর্মীয় ও মত প্রকাশের স্বাধীনতা বিশেষভাবে রক্ষিত হলেও সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটি পরিবেশ বিদ্যমান যেখানে নিরীশ্বরবাদী ও ধর্মহীন মানুষদের বহিরাগত হিসেবে গণ্য করা হয়।
আইএইচইইউ’র এ প্রতিবেদনটিকে স্বাগত জানিয়েছেন বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি। তিনি বলেছেন, বিশ্ব মানবাধিকার ঘোষণায় নিরীশ্বরবাদীদের অধিকার রক্ষার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে সে বিষয়ে যথেষ্ট সচেতনতা গড়ে ওঠেনি।
বিশ্বের ৪০টিরও বেশি দেশের ১২০টি মানবাধিকার, নিরীশ্বরবাদী ও ধর্মনিরপেক্ষ সংগঠন আইএইচইইউ’র সঙ্গে সংশ্লিষ্ট। সংস্থাটি জানিয়েছে, সোমবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪১ ঘ.
bdnews24