ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে রাস্তার পাশে তালেবানের পেতে রাখা বোমায় শীর্ষ পর্যায়ের এক পুলিশ কমান্ডার নিহত হয়েছেন।
সোমবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে।
নিমরোজ নামে প্রত্যন্ত ও প্রদেশের নিহত পুলিশ কমান্ডারের নাম মুসা রাসৌলি। তিনি হেরাত প্রদেশ থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বলে হেরাত গভর্নরের মুখপাত্র ময়েদিন নূরি জানিয়েছেন।
নূরি আরো জানিয়েছেন, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এটি ছিল তালেবানের বোমা।
তবে মুসা রাসৌলিকে লক্ষ করেই এই হামলা চালানো হয়েছে কি না, এ বিষয়টি নিশ্চিত নয়।
আফগানিস্তানে রাস্তায় পেতে রাখা বোমা তালেবানের বেশ প্রিয় অস্ত্র। আফগান সরকার ও দেশটিতে অবস্থানরত ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে তারা প্রায়ই এ ধরনের বোমা হামলা চালিয়ে থাকে।
আফগান সেনাবাহিনী ও বেসামরিক মানুষকেও তারা প্রায়ই তালেবান তাদের হামলার লক্ষ্যে পরিণত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৩ ঘ.
bdnews24