২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির প্রধানমন্ত্রী মোন্তির পদত্যাগের ঘোষণা

মোন্তির নেতৃত্বে একটি অনির্বাচিত টেকনোক্রেট মন্ত্রিসভা ইতালির সরকার হিসেবে কাজ শুরু করে। অর্থনৈতিক সঙ্কট থেকে ইতালিকে বের করে আনার লক্ষ্যে পরিকল্পিত সংস্কার শুরু করে এ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও মোন্তি। সরকার থেকে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দলের সমর্থন প্রত্যাহার করার পরিপ্রেক্ষিতে পদত্যাগ পরিকল্পনা পেশ করেছেন তিনি। শনিবার ইতালির প্রেসিডেন্ট গিওর্গি ন্যাপোলিতানোর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মোন্তির পদত্যাগ পরিকল্পনার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “মোন্তি জানিয়েছেন তিনি মনে করেন এভাবে তার মেয়াদ পূর্ণ করা সম্ভব নয় তাই তিনি পদত্যাগপত্র পেশ করার অভিপ্রায় জানিয়েছেন।” বিবৃতিতে আরো জানানো হয়, আগামী বছরের বাজেট আইনটি “দ্রুত” পাস করানো গেলে সঙ্গে সঙ্গেই তিনি পদত্যাগ নিশ্চিত করবেন। বৃহস্পতিবার বার্লুসকোনির দল পিপল অব ফ্রিডম পার্টি (পিডিএল) সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। ইতালির টালমাটাল অর্থনীতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় এক বছর আগে ২০১১ সালের নভেম্বরে পদ থেকে সরে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী বার্লুসকোনি। তার জায়গায় প্রধানমন্ত্রী হন অর্থনীতিবিদ মারিও মোন্তি। প্রধানমন্ত্রী মোন্তির নেতৃত্বে একটি অনির্বাচিত টেকনোক্রেট মন্ত্রিসভা ইতালির সরকার হিসেবে কাজ শুরু করে। অর্থনৈতিক সঙ্কট থেকে ইতালিকে বের করে আনার লক্ষ্যে পরিকল্পিত সংস্কার শুরু করে এ সরকার। কিন্তু পিডিএল প্রধান বার্লুুসকোনি অভিযোগ করেছেন, মোন্তির কৃচ্ছতার নীতি ইতালিকে ধ্বংস করে দিচ্ছে। সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পর পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বার্লুসকোনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই পদ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা পেশ করেন মোন্তি। তিনি বলেছেন, পদত্যাগ করার আগে তিনি পার্লামেন্টে আগামী বাজেট ও অর্থনীতি স্থিতিশীল রাখার আইন পাস করানোর চেষ্টা করবেন। সরকার পদত্যাগ করার ৭০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ইতালিতে বাধ্যবাধকতা রয়েছে। এই অনুযায়ী আগামী এপ্রিলের মধ্যেই ইতালিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৮ ঘ.