কারাকাস, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যান্সার অপসারণে আবারো অস্ত্রোপচার হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শরীরে। শনিবার শ্যাভেজ জানান, আগামী কিছুদিনের মধ্যেই এই অস্ত্রোপচার হবে।
টেলিভিশনে স¤প্রচারিত এক অনুষ্ঠানে শ্যাভেজ জানান, কিউবায় ডাক্তারি পরীক্ষায় তার শরীরে আরো কিছু ক্ষতিকর কোষ ধরা পড়েছে। এ জন্য রোববার তিনি আবারো হাভানায় যাবেন।
ভেনেজুয়েলার এই বামপন্থী প্রেসিডেন্ট কিউবায় ডাক্তারি পরীক্ষা শেষে শুক্রবার ভেনেজুয়েলায় ফিরে এসে এই তথ্য জানান।
৫৮ বছর বয়সী শ্যাভেজের শরীর থেকে ক্যান্সার অপসারণে কিউবায় গত বছরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত তিন দফা অস্ত্রোপচার হয়েছে। কিন্তু নতুন এই অস্ত্রোপচারের খবরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয়ের সৃষ্টি করেছে। পাশাপাশি দেশটিতে তার নিজস্ব পদ্ধতির ‘বিপ্লব’র ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়েছে।
শনিবার শ্যাভেজ যখন এসব তথ্য জানাচ্ছিলেন তখন মন্ত্রিসভার সদস্যরা, ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কংগ্রেসের প্রধান ডায়োসডাডো ক্যাবিল্লো তার পাশেই ছিলেন।
মাদুরো ও ক্যাবিল্লো এই দুই ক্ষমতাশালী ব্যক্তি শ্যাভেজের ঘনিষ্ঠমিত্র বলে পরিচিত। কোনো কারণে শ্যাভেজ প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অপারগ হলে এই দু’জনের একজনকেই তার স্থলাভিষিক্ত হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.
bdnews24