ভিয়েনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে শুক্রবারের ভূমিকম্পের পর এর কেন্দ্রের কাছাকাছি অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো সমস্যা দেখা দেয়নি বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে।
ভিয়েনাভিত্তিক এ সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ভূমিকম্পের পর পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এনআরএ) সঙ্গে যোগাযোগ করা হলে পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি বলে তারা জানায়।
ভূমিকম্পের পরপরই সংস্থাটির জরুরি অবস্থা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জাপানে যোগাযোগ করা হয় বলে এতে জানানো হয়।
শুক্রবার জাপানে উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয় যার কেন্দ্র ছিলো গতবছর ভূমিকম্প ও সুনামির পরে বিপর্যয়ের মুখে পড়া ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের খুব কাছে।
শুক্রবারের ভূমিকম্পের পরে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হানে গতবছর সুনামিতে বিধ্বস্ত হওয়া মিয়াগি প্রদেশে।
আইএইএ’র বিবৃতিতে জানানো হয়, পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো জটিলতা না দেখা দেয়ায় কোনো জরুরি পদক্ষেপ কার্যকর করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৭ ঘ.
bdnews24