২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলার ব্যখ্যা দাবি

গাজায় গত মাসে একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় ১২ জন নিহতের ঘটনার পূর্ণ ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

গাজা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় গত মাসে একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় ১২ জন নিহতের ঘটনার পূর্ণ ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ইসরায়েলের এ হামলা অবৈধ বলেই মনে করছে তারা। ১৮ নভেম্বরে গাজার তিনতলা ওই ভবনে ইসরায়েলের বিমান হামলায় হতাহতের ওই দিনটিই ছিল ৮ দিনব্যাপী ইসরায়েল-গাজা লড়াইয়ের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ৮ দিনের সহিংসতায় সব মিলিয়ে নিহত হয় ১৭০ জন ফিলিস্তিনি এবং ৬ জন ইসরায়েলি। এইচআরডব্লিউ বলছে, বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি ইসরায়েলের ধারণা করা উচিত ছিল। তাছাড়া, ওই বাড়িটিকে হামলার লক্ষ্য করার যৌক্তিকতা প্রমাণ না করে সেখানে তাদের হামলা চালানোও উচিত হয়নি। ভবনটিতে ইসরায়েলি হামলায় দুই প্রতিবেশীসহ দালু পরিবারের ১০ জন নিহত হয়। এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো যুদ্ধ আইনের মারাত্মক লঙ্ঘন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। গাজা বিষয়ক বিশেষ উপদেষ্টা ফ্রেড আব্রাহামস বলেন, “ ইসরায়েল দালু পরিবারের বাড়িতে হামলা চালানোর যে যুক্তি দিয়েছে, প্রকৃত সত্য তা নয়।” ফলে তিনি ইসরায়েলের কাছ থেকে এ ঘটনার পরিপূর্ণ ব্যাখ্যা দাবি করাসহ আইন লঙ্ঘনকারীদের সমুচিত শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২০৩২ঘ.