২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোপায় নিহতের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে

মিন্দানাওয়ে পরিচয়হীন মৃতদেহগুলোকে গণকবর দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। কেননা ইতোমধ্যে লাশগুলো পচতে শুরু করেছে এবং ক্রমে দুর্গন্ধ তীব্র হয়ে বাতাসে ছড়াতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 04:55 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নিউ বাতান (ফিলিপাইন), ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ৪১৮ জনে দাঁড়িয়েছে। একদিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দারা শুক্রবার নিহতদের সমাহিত করা শুরু করেছে, অন্যদিকে উদ্ধারকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে কোথাও কেউ আটকে পড়া অবস্থায় বেঁচে আছে কি না তার সন্ধান করছে। তবে এখনো তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে টাইফুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর মিন্দানাওয়ে পরিচয়হীন মৃতদেহগুলোকে গণকবর দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সেনা ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল এরিয়েল বার্নার্দো বলেন, “স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরিচয় সনাক্ত করতে না পারা মৃতদেহগুলো সমাহিত করার বিষয়টি বিবেচনা করছি।” “ধীরে ধীরে দুর্গন্ধ তীব্র হয়ে উঠছে”, যোগ করেন তিনি। কম্পোসটেলা উপত্যকার গভর্নর আর্তুরো উয়ি বলেন, গণকবরের বিষয়টি প্রাদেশিক কর্তৃপক্ষ বিবেচনা করছে। দুই অথবা তিনদিনের মধ্যে মৃতদেহগুলো কেউ দাবি না করলে এই পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝড়ে তার প্রদেশেই ২১২ জন নিহত ও প্রায় ৪শ’ নিখোঁজ রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, “সম্ভবত নিখোঁজদের অর্ধেকেই মারা গেছেন।” দেশটির কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ৪১৮, নিখোঁজ ৩৮৩ এবং শত শত মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে। টাইফুন বোপায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ১২টি প্রদেশ কম-বেশি ক্ষতিগ্রস্ত হলেও মিন্দানাওয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এখনো প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে। গত এক দশকের মধ্যে মিন্দানাওয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বোপা। মঙ্গলবার ঘণ্টায় ১২১ মাইল বেগে আঘাত হানা বোপার কারণে এই প্রদেশের অধিকাংশ গাছ-পালা উপড়ে যায়, উড়ে যায় ঘরের চাল। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। ঝড় এবং ঝড়ের পরে ভূমিধসে মিন্দানাওয়ে অন্ততপক্ষে সোয়া লাখ ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। ২০১১ সালে টাইফুন ওয়াসির আঘাতে ১৫শ’ মানুষ নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০৪৯ ঘ.