২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাজি জার্মানি

তুরস্কের সিরিয়া সীমান্তে বৃহস্পতিবার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ৪শ সেনা মোতায়েনে সম্মত হয়েছে জার্মানির মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

বার্লিন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের সিরিয়া সীমান্তে বৃহস্পতিবার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ৪শ সেনা মোতায়েনে সম্মত হয়েছে জার্মানির মন্ত্রিসভা। সিরিয়ার হামলা ঠেকানোর জন্য সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নেটোর কাছে তুরস্কের আবেদনের প্রেক্ষিতে জার্মানি এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বার্লিনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ। ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিতে ১২ থেকে ১৪ ডেিসম্বরের মধ্যে পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করবে জার্মানি। সিরিয়ায় চলমান প্রেসিডেন্ট আসাদ-বিরোধী সহিংস গণঅভ্যুত্থানে বেশ কয়েকবার সিরিয়ার গোলা তুরস্কে আঘাত হেনেছে। তাই আরো হামলার আশঙ্কা ঠেকাতে নেটোর সহায়তা চেয়েছিল তুরস্ক। মঙ্গলবার এ আবেদনের বিষয়টি বিবেচনা করতে ব্রাসলেসে আলোচনায় বসেন নেটো পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠকেই সদস্য রাষ্ট্র তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেয় নেটো। জার্মানি ছাড়াও যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসও তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেপণাস্ত্র মোতায়েন হবে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেপণাস্ত্রগুলো তুরস্ক সীমান্তে সিরিয়ার গোলা ও যুদ্ধবিমানের প্রবেশ প্রতিহত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৬ঘ.