নিউ বাতান, ফিলিপাইন, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মঙ্গলবার শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে।
এখনো তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে মিন্দানাওয়ের কম্পোসটেলা ভ্যালি এলাকার নিউ বাতান গ্রামে নদীর পার থেকে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। উদ্ধার করা হয়েছে এক গর্ভবতী নারী ও তার এক বছর বয়সী শিশুকেও।
একই স্থানে নদীতে অন্তত চারটি মৃতদেহ পাওয়া যায়। তবে প্রবল ¯্রােতের কারণে উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়ছে।
নিউ বাতানে কাদায় আটকে পড়া তিন বছরের এক শিশুকেও উদ্ধার করা হয়। শিশুটির মা ও আরেক সহোদর নিখোঁজ রয়েছে।
কম্পোসটেলা ভ্যালির গভর্নর আর্তুরো আর্থার উই জানান, তার এলাকায় অন্তত ২০০ জন মারা গেছে এবং আরো ৬০০ মানুষ নিখোঁজ রয়েছে। আরো অনেক মানুষকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
বোপায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ১২টি প্রদেশ কম-বেশি ক্ষতিগ্রস্ত হলেও মিন্দানাওয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এখনো প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে।
গত এক দশকের মধ্যে মিন্দানাওয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বোপা। মঙ্গলবার ঘণ্টায় ১২১ মাইল বেগে আঘাত হানা বোপার কারণে এই প্রদেশের অধিকাংশ গাছ-পালা উপড়ে যায়, উড়ে যায় ঘরের চাল। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।
ঝড় এবং ঝড়ের পরে ভূমিধসে মিন্দানাওয়ে অন্ততপক্ষে সোয়া লাখ ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। ২০১১ সালে টাইফুন ওয়াসির আঘাতে ১৫শ’ মানুষ নিহত হয়।
টাইফুন বোপা বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে সরে যাচ্ছে। বৃহস্পতিবার এটি দক্ষিণ চীন সাগরে পৌঁছবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৬০৫ ঘ.
bdnews24