ভিয়েনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় চতুর্থবারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এ তালিকার সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ সংস্থা মার্সার।
১৭ লাখ বাসিন্দার জন্য সমন্বিত স্বাস্থ্য সেবাসহ সবচেয়ে বেশি সুযোগসুবিধা দিয়ে আসছে প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির ধারক শহর ভিয়েনা। হ্যাবসবার্গ শাসনামলের ঐশ্বর্যমণ্ডিত বিভিন্ন স্থাপনা শহরটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
যদিও সাম্প্রতিক সময়ে ভিয়েনা শহরে বাসস্থান ব্যয় কিছুটা বেড়ে গেছে, তবে শহরের মধ্যে যাতায়াতের জন্য দৈনিক ব্যয় হয় মাত্র ১ ইউরো। সারা বছরের জন্য পাসের মাধ্যমে এ যাতায়াত ব্যবস্থা পরিচালিত হয়।
নিজ শহরের রাস্তাঘাটে নিরাপত্তা ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের সুলভ ব্যবস্থা এবং বনায়নের প্রশংসাও করেন ভিয়েনার বাসিন্দা ২৪ বছর বয়সী শিক্ষার্থী আনা স্টারিবাকার।
বিশ্বের শহরগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, অপরাধ প্রবণতা, বিনোদন ও যাতায়াত ব্যবস্থাসহ ৩৯টি সূচকের ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকা প্রস্তুত করে থাকে জরিপ প্রতিষ্ঠান মার্সার।
সারা ইউরোপজুড়ে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ২০১২ সালের জরিপে ইউরোপের ১৫টি শহর রয়েছে তালিকার উপরের দিকে। শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে জার্মানি ও সুইজারল্যান্ডের তিনটি করে শহর।
সুইজারল্যান্ডের জুরিখ দ্বিতীয়, জেনেভা অষ্টম এবং বার্ন দশম স্থানে রয়েছে। জার্মানির মিউনিখ চতুর্থ, ডাসেলডর্ফ ষষ্ঠ ও ফ্রাঙ্কফুট অষ্টম অবস্থানে রয়েছে।
ইউরোপের শহরগুলোর মধ্যে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে গ্রিসের রাজধানী এথেন্স।
আমেরিকা অঞ্চলের মধ্যে কানাডার বিভিন্ন শহর শীর্ষ স্থানগুলো দখল করেছে। শীর্ষ বসবাসযোগ্য শহরের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে ভ্যাঙ্কুভার। যুক্তরাষ্ট্রের দ্বীপরাজ্য হাওয়াইয়ের রাজধানী হনলুলু রয়েছে সবচেয়ে আনন্দপূর্ণ শহরের তালিকার ২৮ নম্বরে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর রয়েছে তৃতীয় শীর্ষ অবস্থানে। মধ্যপ্রাচ্যের দুবাই শহর তালিকার ৭৩তম অবস্থানে রয়েছে।
তালিকার সর্বনিু ২০টি শহরের মধ্যে ১৫টি শহরই আফ্রিকা মহাদেশে অবস্থিত। এগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়ার রাজধানী লাগোস এবং মালির রাজধানী বামাকো।
সর্বনিুের ১০টি শহরের মধ্যে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, মৌরিতানিয়ার রাজধানী নউকচোট, জর্জিয়ার রাজধানী তিবলিসি, কঙ্গোর ব্রাজ্জাভিল, ইয়েমেনের রাজধানী সানা, সুদানের রাজধানী খার্তুম, চাদের রাজধানী জামেনা, হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স, মধ্য আপ্রিকার বাঙ্গুই এবং সর্বনিুে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১৫০ ঘ.
bdnews24