২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুন বোপায় নিহতের সংখ্যা বেড়ে ৩২৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মঙ্গলবার শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা বেড়ে ৩২৫ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 02:59 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ম্যানিলা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মঙ্গলবার শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা বেড়ে ৩২৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভূমিধসে ৩ শ’ মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল রোক্সাস। গত এক দশকের মধ্যে মিন্দানাওয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বোপা। মঙ্গলবার ঘণ্টায় ১২১ মাইল বেগে আঘাত হানা বোপার কারণে এই প্রদেশের অধিকাংশ গাছ-পালা উপড়ে গেছে, উড়ে গেছে ঘরের চাল। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। অবশ্য মিন্দানাওয়ের উপকূলীয় এলাকার ৮৫ হাজারেরও বেশি অধিবাসীকে বোপা আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। দেশটির দাভাও প্রদেশের জেলে ল্যান্ডরিং সেবোলাস বলেন, “আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমার চোখের সামনে বাড়িটি ঝড়ের প্রচণ্ড বাতাসে উড়ে গিয়ে সমুদ্রে পড়েছে।” স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ে উড়ে আসা বিভিন্ন জিনিসপত্র ও গাছ ভেঙে পড়ায় অনেকে আহত হয়েছেন। মিন্দানাওয়ে অন্ততপক্ষে সোয়া লাখ ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। ২০১১ সালে টাইফুন ওয়াসির আঘাতে ১৫শ’ মানুষ নিহত হয়। টাইফুন বোপার কারণে এক ডজনেরও বেশি বিমানের ফ্লাইট বাতিল এবং মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। দুর্গত এলাকার স্কুল এবং কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইফুন বোপা বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে সরে যাচ্ছে। বৃহস্পতিবার এটি দক্ষিণ চীন সাগরে পৌঁছবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/০৮৫৫ ঘ.