সিরিয়া, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের সিরিয়া সীমান্ত বরাবর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাজি হয়েছে নেটো। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কার মধ্যে ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দীর্ঘপ্রতিক্ষীত এ সিদ্ধান্ত হয়েছে।
সিরিয়া পরিস্থিতি নিয়ে শঙ্কায় আছে তুরস্ক। ইতোমধ্যে বেশ কয়েকবার সিয়িান গোলা তুর্কিস্তানের সীমানায় আঘাত হেনেছে। তাই আরো বড় কোন অঘটন এড়াতে নেটোর সহায়তা চেয়েছে তারা।
সিরিয়ার সম্ভাব্য হামলা থেকে তুরস্ককে রক্ষায় তুর্কি সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই মঙ্গলবার বৈঠকে বসেন নেটো পররাষ্ট্রমন্ত্রীরা।
এক বিবৃতিতে নেটো বলেছে, তুরস্কের ভূখন্ড এবং জনগণকে রক্ষাকরাসহ সীমান্ত সঙ্কট মোকাবেলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তারা এ ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাজি হয়েছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন করা হবে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। এটি আঙ্কারাকে আশ্বস্ত করারই পদক্ষেপ বলে নেটো জানিয়েছে। তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ডাচরা।
এ ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার ক্ষেপাণাস্ত্র ও যুদ্ধ বিমান তুরস্কের সীমানায় প্রবেশ করতে চাইলে তা প্রতিহত করবে। পুরোপুরি প্রতিরক্ষার খাতিরেই এ অস্ত্র মোতায়েন করা হবে বলে জানিয়েছে নেটো। তবে সিরিয়া থেকে সীমান্তে এসে পড়া বিক্ষিপ্ত গোলা ঠেকানোয় এর কোনো ভূমিকা থাকবে না বলে জানানো হয় বিবৃতিতে।
তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নেটোর একটি দল দেশটির বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছে বলে জানানো হয়েছে খবরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৫ঘ.
bdnews24