২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেশত্যাগ

সাম্প্রতিক সময়ে আসাদবিরোধীরা রাজধানী দামেস্কের কাছাকাছি আসাদ বাহিনীর বিভিন্ন ঘাঁটি দখল করে নিয়ে বেশ শক্ত অবস্থান গড়ে তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কায়রো/বৈরুত, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মুখপাত্র হিসেবে পরিচিত জিহাদ আল-মাকদিসি দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সূত্র। লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানার সিরিয়ার সরকারের বরাত দিয়ে জানায়, সরকারের অবস্থানবিরোধী কিছু বিবৃতি দেয়ায় মাকদিসিকে বরখাস্ত করা হয়েছে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনোকিছু জানানো হয়নি। লন্ডনে সিরিয়ার দূতাবাসে কর্মরত চল্লিশোর্ধ মাকদিসি আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য গতবছর দেশে ফিরেন। আরব উপসাগরীয় অঞ্চলে প্রচারিত নিউজ চ্যানেল আল-আরাবিয়া জানায়, মাকদিসি বৈরুত হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন এবং সেখানেই তিনি অবস্থান করবেন। প্রেসিডেন্ট আসাদের পক্ষ নেয়া সিরিয়ার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের একজন তিনি। ১০ বছর ধরে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছেন তিনি। মাকদিসি ইংরেজি বলায় বেশ দক্ষ ছিলেন, যা সিরিয়া সরকারের পশ্চিমাবিরোধী নীতির কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে বেশ বিরল। মূলতঃ প্রতিরক্ষা বাহিনী পরিচালিত আসাদ সরকারের মধ্যে খুব বেশি প্রভাবশালী না হলেও মাকদিসির দেশত্যাগকে আসাদ সরকার ভেঙ্গে পড়ার ইঙ্গিত হিসেবেই দেখছে আসাদবিরোধীরা। সাম্প্রতিক সময়ে আসাদবিরোধীরা রাজধানী দামেস্কের কাছাকাছি আসাদ বাহিনীর বিভিন্ন ঘাঁটি দখল করে নিয়ে বেশ শক্ত অবস্থান গড়ে তুলেছে। এদিকে আসাদ বাহিনীকে বেশকিছু রাসায়নিক অস্ত্র সরিয়ে নিতে দেখা গেছে এমন খবরে সেসব ব্যবহার না করার জন্য প্রেসিডেন্ট আসাদকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে নিজেদের জনগণের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হবে না বলে জানিয়েছে আসাদ সমর্থক বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১২ ঘ.