ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের ৩ হাজার নতুন বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে।
ব্রিটেন এবং ফ্রান্স ইতোমধ্যেই এর প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে।
স্পর্শকাতর ওই অঞ্চলে ইহুদি বসতি স্থাপন পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠায় ‘এক ভয়াবহ অশনি সংকেত’ বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়ার পক্ষে ভোট দেয়ার পরপরই ইসরায়েল কর্তৃপক্ষ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অতিরিক্ত ৩ হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।
যুক্তরাজ্য বলছে, ইসরায়েলের এ পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনের জন্য তাদের দেয়া প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ সৃষ্টি করবে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলকে তাদের সিদ্ধান্ত আবারো ভেবে দেখার আহ্বান জানাচ্ছে। অন্যথায়, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
ইসরায়েল সরকারের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রীক সমাধানের সম্ভাবনা ব্যাহত করছে।
ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ পদক্ষেপের প্রতিবাদ জানাতে সোমবার সকালের বৈঠকে তলব করা হয়েছে প্যারিসে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূতকে।
ইসরায়েলকে সুষ্পষ্ট বার্তা দিতে যুক্তরাজ্য এবং ফ্রান্স একযোগে কাজ করছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা পিটার বিলেস। তবে তিনি বলেন, ইসরায়েল থেকে এ দু দেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয়ার সম্ভাবনা আপাতত নেই।
বিবিসি’র খবরে বলা হয়েছে, সুইডেনও তাদের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে, ইসরায়েলের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া এবং জার্মানি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনা উপেক্ষা করে বসতি স্থাপন চালিয়ে যাওয়ায় অটল অবস্থান জানিয়েছিলেন। এর পরপরই বান কি মুন এ পরিকল্পনাকে ‘গভীর উদ্বেগের বিষয় ও হতাশাজনক’ বলে বর্ণনা করেন এক বিবৃতিতে।
“সঙ্কট নিরসনে এ পদক্ষেপ অশনি সংকেত হিসাবে দেখা দিয়েছে” বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, বসতি সম্প্রসারণের ঘোষণা অপ্রত্যাশিত এবং এর ফলে পুনরায় শান্তি আলোচনা শুরু করা কঠিন হয়ে পড়বে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেছেন, অতিরিক্ত বসতি স্থাপনের সিদ্ধান্তে তিনি ‘খুবই চিন্তিত’।
ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস বসতি স্থাপন বন্ধ করে শান্তি আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
রোববার তিনি পশ্চিম তীরে ফিরে বীরোচিত সংবর্ধনা পান। রামাল¬ায় উল্লাসিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “এখন আমাদের একটি রাষ্ট্র আছে। ঐতিহাসিক জয় অর্জন করেছে ফিলিস্তিন।”
হাজার হাজার পতাকা নিয়ে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে আব্বাস বলেন, ফিলিস্তিনের ‘অ-সদস্য পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত হওয়া প্রমাণ করে আন্তর্জাতিক স¤প্রদায় ফিলিস্তিনের পাশে আছে।
পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষ ও গাজার হামাসের মধ্যে বিভক্তির প্রসঙ্গ টেনে ফিলিস্তিনিদের পুনর্মিত্রতার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১১ঘ.
bdnews24