বেইজিং, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়াকে রকেট উৎক্ষেপণ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন।
রকেট উৎক্ষেপণ করলে নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হবে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার প্রতি এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, “আমরা জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়া সরকারের প্রতি রকেট উৎক্ষেপণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি।”
চীন রাশিয়ার মতো সরাসরি কোনো আহ্বান না জানালেও “পরিস্থিতি আরো নাজুক করে তুলতে পারে” এমন সিদ্ধান্ত থেকে “সব পক্ষকে” সরে আসার আহ্বান জানিয়েছে।
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, চলতি ডিসেম্বরের ১০ েেক ২২ তারিখের মধ্যে তারা আর একটি দুরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে আর নতুন এই রকেট গত এপ্রিলে উৎক্ষেপণের পর র্ব্য হওয়া রকেটটির পথ ধরেই যাবে।
পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর উদ্দেশে রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে সংবাদ সংস্থাটি জানায়। এপ্রিলের রকেট উৎক্ষেপণে ব্যর্থতার ভুলগুলো শোধরাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কেসিএনএ।
এপ্রিলের রকেট উৎক্ষেপণের পরও উত্তর কোরিয়ার সমালোচনা করেছিল রাশিয়া। ওই একই ভাষায় রাশিয়া এবারের পরিকল্পনারও সমালোচনা করেছে।
রাশিয়া জানিয়েছে, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘণ না করার জন্য উত্তর কোরিয়াকে সতর্ক করা হয়েছে, ওই নিষেধাজ্ঞায় ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করে রকেট উৎক্ষেপণ পরিষ্কারভাবে নিষিদ্ধ করা হয়েছে।”
চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেছেন, “চীন বিশ্বাস করে উত্তরপূর্ব রাশিয়া ও কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখা এ অঞ্চলের সব পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ এবং এটি এ অঞ্চলের সব পক্ষের সম্মিলিত দায়িত্ব।”
“এই পরিস্থিতিতে, আমরা আশা করছি সব পক্ষ নিজেদের শান্ত ও নিয়ন্ত্রণে রাখবে, এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা বিদ্যমান পরিস্থিতিকে নাজুক করে তোলে। এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখবে চীন,” বলেন তিনি।
রোববার ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেন, এ পরিকল্পনা এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন যোগাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০২ঘ.
bdnews24