মাইদুগুরি, নাইজেরিয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের চিবোক গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার তারা জানান, রাতভর হামলা চালিয়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহতদের হত্যা করা হয়, এ সময় নিহতদের বাড়িঘরও আগুনে পুড়িয়ে দেয়া হামলাকারীরা।
ওই এলাকাটি নাইজেরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের মূল তৎপরতার এলাকা হিসেবে পরিচিত।
হামলা থেকে বেঁচে যাওয়া সাবেক কাউন্সিলর নুহু ক্লার্ক বলেছেন, “রাতে কিছু সশস্ত্র লোক এসে গ্রামবাসীদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা ধারণা করছি তারা বোকো হারামের সদস্য। আগুন থেকে বাঁচতে লোকজন বের হয়ে আসলে তারা গুলি করে ও কুপিয়ে তাদের হত্যা করে।”
ঘটনার পর তিনি নিহত ১০ জনের মৃতদেহ দেখেছেন বলে জানান।
তবে পুলিশের এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করলেও ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাতে পারেননি। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে বোকো হারাম। তাদের হামলায় এ পর্যন্ত কয়েশ’ মানুষ নিহত হয়েছে। তারা সাধারণত নিরাপত্তা বাহিনীর সদস্য, সরকারী কর্মকর্তা ও খ্রিস্টানদের লক্ষ করে হামলা চালায়।
তবে বোকো হারামের তৈরি করা অস্থিরতার সুযোগে অনেক সময় দেশটির অপরাধী দলগুলোও ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বোকো হারামের ওপর দায় চাপায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৭ ঘ.
bdnews24