২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋত্বিক ঘটকের নাতনির মৃত্যু নিয়ে ‘রহস্য’

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের এক নাতনির। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের এক নাতনির। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অদিতি ঘটক (২১)। তিনি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে আনন্দবাজার পত্রিকা জানায়। এ ঘটনায় অদিতির পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে একটি গাড়িতে তিন বন্ধুর সঙ্গে বেড়াতে যান অদিতি। ওই বন্ধুরাই রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎকরা বলেন, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে অদিতি পানিতে ডুবে যান বলে তার বন্ধুরা জানিয়েছেন। অদিতির সারা দেহ সে সময় ভেজা ছিল। শ্বাসকষ্টও হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেয়া হয়।তার ফুসফুস থেকে সবুজ শ্যাওলা মেশা পানি বেরিয়ে আসে। কিছুক্ষণ তার অবস্থার অবনতি হয় বলে চিকিৎসকরা জানান। “অদিতি চিকিৎসক তাপস রায়ের অধীনে ভর্তি ছিলেন। শনিবারই তার ‘মাল্টি-অরগ্যান ফেইলিওর’ হয়। রোববার বেলা ১২টা নাগাদ ওই তরুণী মারা যান,” বলেন হাসপাতালের কর্মকর্তা শুভাশিস দত্ত। অদিতির মা সংহিতা ঘটক বলেন, তাদের বাড়ি নিউ আলিপুরে হলেও গত কয়েক দিন তারা চেতলায় অদিতির মামার বাড়িতে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তার মেয়ে জ্ঞানজিৎ পটার নামে এক বন্ধুর সঙ্গে গাড়িতে বের হন। লেক মার্কেটের কাছে একটি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করে তারা। আলিশা পোদ্দার নামে এক বান্ধবীও তাদের সঙ্গে ছিলেন।সন্ধ্যা পৌনে ৬টার দিকে আলিশা বাড়ি ফিরলেও জ্ঞানজিৎ ও তানিয়া নামে দুই বন্ধুর সঙ্গে গাড়িতে ওঠেন অদিতি। তাদের সঙ্গে আরেক তরুণীও ওই গাড়িতে ছিলেন জানিয়ে সংহিতা ঘটক বলেন, “ রাত ১১টা নাগাদ রুবি হাসপাতাল থেকে আমার কাছে ফোন আসে। অদিতিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বলে তারা জানায়।” অদিতি যে গাড়িতে ছিলেন সেটি সোনারপুরের কাছে একটি খালে পড়ে ছিল বলেও সংহিতা জানান। “আপাতভাবে দুর্ঘটনা মনে হলেও এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। গাড়ি দুর্ঘটনায় শুধু অদিতিরই ক্ষতি হলো, বাকিরা সুস্থ রইল কী করে,” প্রশ্ন করেন তিনি। তাছাড়া অদিতি ভাল সাঁতারু ছিলেন। তাই সুস্থ অবস্থায় তার ডোবার কথা নয়।তাকে মাদক-জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কি না- তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন মা। সংহিতা বলেন, “জ্ঞানজিৎ নামের ছেলেটি লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল বলে স্বীকার করেছে। দুর্ঘটনার পরে জ্ঞানজিৎ ও তার বাবা হাসপাতালে গেলেও বাকি দুটি মেয়ের কোনো খোঁজ নেই।” তবে অভিযোগ অস্বীকার করে জ্ঞানজিতের বাবা দ্যুতি পটার বলেন, “আমার ছেলে ও অদিতি দুই বছর ধরে পরস্পরকে চিনত। গাড়ি চালানোর সময়ে অদিতি পিছনের সিট থেকে জ্ঞানজিতের জামা টেনে ধরে। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়ি।” “অদিতি মদ্যপ অবস্থায় ছিল। তাই নিজে বেরোতে পারেননি। তাকে উদ্ধার করতেও অসুবিধা হয়েছে।” এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফরেন্সিক তদন্ত করা হবে। ওই গাড়িতে যারা ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১০৪০ ঘ.