পেশোয়ার (পাকিস্তান), ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরাঞ্চলে চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত এক ইয়েমেনি যোদ্ধাসহ চার পাকিস্তানি নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে গোয়েন্দাসূত্রে জানা গেছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ারসাক গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঠিক দুইদিন আগে একই এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছিল।
আবদুল রেহমান নামে নিহত ওই ইয়েমেনি যোদ্ধার সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততা ছিল বলে পাকিস্তানের সরকার ও গোয়েন্দারা জানিয়েছে।
তবে এ ঘটনার সত্যতা নিশ্চত করা সাংবাদিকদের পক্ষে কঠিন, কারণ ওই অঞ্চলে ড্রোন হামলা শুরু হওয়ার পর থেকে সরকার সেখানে সেনা নিরাপত্তা ছাড়া সংবাদমাধ্যমের কর্মীদের যেতে বাঁধা দিচ্ছে।
অনেক পাকিস্তানি মনে করে, ড্রোন হামলা তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘণ। পাশাপাশি এসব হামলায় সাধারণ মানুষ হতাহতের ঘটনা ঘটায় অনেকে প্রতিশোধমূলক সহিংসতায় যুক্ত হচ্ছে।
কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছে, ড্রোন হামলায় সাধারণ মানুষ হতাহতের ঘটনা খুবই সীমিত এবং সেইসব স্থানেই এই হামলা পরিচালনা করা হচ্ছে যেখানে পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ.
bdnews24