২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বসতি স্থাপন শান্তি প্রতিষ্ঠায় বাধা: হিলারি

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম তীর ও জেরুজালেমে নতুন করে ইহুদি বসতি স্থাপন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন বলে খবর প্রকাশের পর শুক্রবার এ মন্তব্য করেন হিলারি। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভের পর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসেবে ইসরায়েল ওই বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য দেশগুলো ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতির দাবির প্রতি বিপুল সমর্থন জানিয়ে ফিলিস্তিনকে সংস্থাটির পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। প্রস্তাবের পক্ষে ১৩৮টি সদস্য দেশ ভোট দেয়। পরদিন ইহুদি বসতি সম্প্রসারণের অনুমোদন দেয় ইসরায়েল। শুক্রবার ওয়াশিংটনের সাবান সেন্টারে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে এক বক্তব্যে ইসরায়েলের নতুন করে এ বসতি সম্প্রসারণের বিষয়ে কথা বলেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, “এসব কর্মকাণ্ড দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সমঝোতা প্রচেষ্টাকে ব্যাহত করে।” পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যুক্তরাজ্যও ইতোমধ্যে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চিম তীর ও গাজা দখল করে নেয় ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৩৪ ঘ.