২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তড়িঘড়ি নতুন সংবিধানের পথে মিশর

মিশর ইতোমধ্যেই একটি খসড়া সংবিধান প্রণয়ন করেছে। এর ওপর ভোটের জন্য অধিবেশনও শুরু করেছে গণপরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সঙ্কট নিরসনে তড়িঘড়ি নতুন সংবিধান চালুর কাজ শেষের চেষ্টা চলছে। প্রণীত হয়েছে খসড়া সংবিধান। এর ওপর ভোটের জন্য বৃহস্পতিবারই অধিবেশন শুরু করেছে দেশটির নতুন সংবিধান রচনাকারী গণপরিষদ। গণপরিষদের ভোটে এ সংবিধান অনুমোদন পেলে এটি বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা ডিক্রি বদলে সম্পূর্ণ নতুন একটি সংবিধান চালু করতে চায় মুসলিম ব্রাদারহুড। এর মধ্য দিয়ে সঙ্কটের সুরাহা হবে বলেই আশা করছে তারা। মুরসি ‘টাইম’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, বেশির ভাগ মানুষই তার ডিক্রিকে সমর্থন করে। তবে তিনি বলেন, একটি সংবিধান হয়ে গেলে তিনি যা বলেছেন এবং যা করেছেন তার সবেরই অবসান ঘটবে। সন্ধ্যা ৭ টায় এক টেলিভিশন ভাষণে মুরসি জনগণের উদ্দেশে জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে খবর পাওয়া গেছে। মুরসির সঙ্গে ক্ষমতার দন্দ্বের মধ্যে সাংবিধানিক আদালত আগামী রোববার গণপরিষদের বিলুপ্তি ঘোষণার ওপর রুল জারির আভাস দিয়েছে- এমন পরিস্থিতিতেই খসড়া সংবিধান নিয়ে ভোটের এ খবর দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু রাষ্ট্রের সর্বময় ক্ষমতা নিজ হাতে রেখে মুরসির নতুন ডিক্রি জারির প্রতিবাদে মিশরে ৬ দিনের বিক্ষোভের কারণে সমালোচকরা বলছেন, মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থি দল অধুষ্যিত সাংবিধানিক গণপরিষদের এমন তড়িঘড়ি নতুন সংবিধানের কাজ শেষের চেষ্টায় পরিস্থিতি আরো শোচনীয় হয়ে উঠতে পারে। গত সপ্তাহে মুরসির জারি করা ডিক্রিতে বলা হয়, এর আওতায় তার সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবে না। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত এ ডিক্রির বৈধতা থাকবে। এ ঘোষণার পরই মিশরের বিচারকরা মুরসি ও তার ইসলামপন্থি সমর্থকদের বিরুদ্ধে অবস্থান নেন। সারা দেশে শুরু হয় বিক্ষোভ। গত বুধবার পর্যন্ত বিক্ষোভের পর সাংবিধানিক গণপরিষদের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট মুরসি সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদকে আরো দু’মাস সময় দিলেও ইতোমধ্যে খসড়া সংবিধান প্রণয়ন শেষ হয়েছে। কিন্তু মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামি দলগুলোর প্রাধান্য থাকা গণপরিষদ ইসলামি আইন চালুর চেষ্টা করছে অভিযোগে উদারপন্থি, বামপন্থি ও খ্রিস্টান সদস্যরা এ পরিষদ বয়কট করেছে। গণপরিষদ খসড়া সংবিধানে ইতোমধ্যেই মূল আইন হিসাবে ‘শরিয়া’ বা ‘ইসলামিক আইনের’ বিধান রেখেছে। তাছাড়া, এ খসড়ায় ইসলামকে রাষ্ট্রধর্মও করা হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টিভি। এ পরিস্থিতিতে তড়িঘড়ি সংবিধানের কাজ শেষের চেষ্টায় ক্ষোভের আগুন আরো জ্বলে উঠতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিরোধীদলীয় নেতা এবং সাবেক আরব লিগ প্রধান আমর মুসা রয়টার্সকে বলেন, “এটি কান্ডজ্ঞানহীন এবং এমন এক পদক্ষেপ যা নেয়া উচিত হবে না। বিশেষ করে বর্তমান সাংবিধানিক গণপরিষদের প্রতি জনমানুষের ক্ষোভ এবং রোষের এ প্রেক্ষাপটে এটি অনুচিত কাজ।” তাছাড়া, গণপরিষদ বিলুপ্তির ব্যাপারে সাংবিধানিক আদালতের রায় এড়াতেই তড়িঘড়ি নতুন সংবিধানের পথে পা বাড়ানো হচ্ছে বলেও ধারণা করছেন কেউ কেউ। তবে পরিস্থিতি যাই হোক আদালত তার সময়মতই রায় দেবে বলে টেলিভিশনে এক ভাষণে জানিয়েছেন সাংবিধানিক আদালতের উপচেয়ারম্যান মাহের শমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৭ঘ.