বৈরুত, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জারামানা এলাকায় বুধবার দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ৮৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে।
সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। এ ঘটনায় ‘সন্ত্রাসীরা’ জড়িত বলে দাবি করেছে রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা।
এর আগে বুধবার সকালে জারামানায় সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা। এলাকাটি মূলত দ্রুজ এবং খ্রিস্টান সম্প্রদায়ের এলাকা। এ দুই সম্প্রদায় এখনো গণআন্দোলনে যোগ দেয়নি।
সানা জানায়, শহরের প্রধান চত্বরে বিপুল পরিমাণ বিস্ফোরকভর্তি দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে বেশকিছু অধিবাসী নিহত হয়েছে এবং কয়েকটি দোকান ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
সন্ত্রাসী বলতে মূলত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত সুন্নি মুসলিমদেরই বোঝানো হয়ে থাকে।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বোমা হামলার ঘটনায় নারী ও শিশুসহ ৪৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। ইতোমধ্যে ৩৮ টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
সানার খবরে বলা হয়েছে, জারামানায় একই সময়ে দুটি ছোটখাট বোমা বিস্ফোরণও ঘটেছে। তবে এতে কেউ নিহত হয়নি।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি এবং হামলার লক্ষ্য কারা ছিল তাও স্পষ্ট জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০৩ঘ.
bdnews24