রামাল্লা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে মঙ্গলবার তার দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সুইস, ফ্রেঞ্চ ও রাশিয়ান বিশেষজ্ঞরা এ নমুনা নিয়েছেন। রামাল্লায় আরাফাতের সমাধিস্থলেই তার দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করা হয়।
এরপর কয়েক ঘন্টার জন্য সমাধিটি উন্মুক্ত রাখা হয়। এসময় প্রধানমন্ত্রী সালাম ফায়াদসহ ফিলিস্তিনি নেতারা সেখানে পুস্পস্তবক অর্পন করেন।
ফিলিস্তিনি তদন্ত কমিটি প্রধান তৌফিক তিরাওয়ি বলেন, নমুনা সংগ্রহ প্রক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এ নমুনা সুইস, ফ্রান্স এবং রাশিয়ার ফরেনসিক বিশেষজ্ঞদের দেয়া হয়েছে।
তিনি বলেন, “এ হত্যাকা-ে জড়িতদের খুঁজে বের করতে আমাদের তথ্যপ্রমাণ দরকার এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করা দরকার।”
ফিলিস্তিনের চিকিৎসা কমিটি প্রধান জর্ডানের চিকিৎসক আবদুল্লাহ আল বশির জানান, প্রায় ২০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা করতে অন্তত ৩ মাস সময় লাগবে।
ওদিকে, সুইজারল্যান্ডের লসেন ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র ডার্সি ক্রিসেন বলেন, “নমুনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে কয়েক মাস লাগবে এবং আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলের আগে এর ফলাফল সম্পর্কে আমরা নিশ্চিত করে কিছু জানতে পারব বলে মনে হয় না।”
সুইস বিশেষজ্ঞরা আরাফাতের ব্যবহৃত কাপড়ে উচ্চমাত্রার তেজষ্ক্রিয় উপাদান পলোনিয়াম-২১০ খুঁজে পাওয়ায় চলতি বছরের অগাস্টে ফ্রান্স আরাফাতের মৃত্যুর বিষয়টি হত্যাকা- কিনা এ ব্যাপারে তদন্ত শুরু করে।
আরাফাতের চিকিৎসা নথিতে তার মৃত্যুর কারণ রক্তচাপের ভারসাম্যহীনতার কারণে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কথা উলে¬খ রয়েছে।
কিন্তু তার সহধর্মীনি সুহা ওই সময়ে ময়নাতদন্তে বাধা দেন। কিন্তু পরবর্তী সময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি সমাধি থেকে দেহাবশেষ তুলে ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান।
২০০৪ সালে প্যারিসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসির আরাফাতের মৃত্যু হয়। এরপর থেকে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে নানা গুজব ছড়িয়ে পড়ে।
আরাফাতের দেহাবশেষে পলোনিয়াম-২১০ বা অন্য কোনো বিষাক্ত উপাদান রয়েছে কি না তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞরা সংগৃহীত নমুনা নিজ দেশে নিয়ে যাবেন বলেও জানান তিনি।
তদন্তের স্বার্থে এ মাসের শুরুতে পশ্চিম তীরের রামাল¬ায় আরাফাতের সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
৩৫ বছর ধরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতৃত্বে থাকা ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট। ১৯৯৬ সালে প্রেসিডেন্ট হন তিনি।
২০০৪ সালে হঠাৎ অসুস্থ হওয়ার দুই সপ্তাহ পর তাকে প্যারিসের একটি সামরিক হাসাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর ৭৫ বছর বয়সে মারা যান তিনি।
ইয়াসির আরাফাতের ব্যবহার করা জিনিসপত্রে পলোনিয়াম ২১০ এর অস্তিত্ব পাওয়ার খবর প্রকাশের পর অনেক ফিলিস্তিনি মনে করেন যে, ইসরায়েল তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে।
তবে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24