ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা নিয়ে প্রতিবেশীদেশগুলোর সঙ্গে বিরোধ আছে এমন এলাকাগুলো নিজেদের অংশ দাবি করে চীনের নতুন পাসপোর্টে মানচিত্র সংযুক্ত করায় এসব পাসপোর্টে সিল দিতে অস্বীকৃতি জানিয়েছে ভিয়েতনামি কর্মকর্তারা।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নতুন পাসপোর্টে সংযুক্ত মানচিত্রে চীন নিজের বলে দাবি এর প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম, ফিলিপাইন এবং তাইওয়ান।
এরআগে নতুন পাসপোর্টের মানচিত্রে হিমালয় পর্বতমালার দুইটি এলাকাও যুক্ত করা হয়েছে যে এলাকাগুলোর মালিকানা ভারতও দাবি করে আসছে। নতুন এসব পাসপোর্টধারী চীনাদের আবেদনে ভারত নিজেদের মানচিত্রের ছাপ দিয়ে ভিসা মঞ্জুর করছে।
বিষয়টি চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সীমানা বিরোধে নতুন মাত্রা যুক্ত করেছে।
চীনের নতুন মাইক্রোচিপ প্রযুক্তির পাসপোর্টে সংযুক্ত মানচিত্রে জাপানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধপূর্ণ এলাকাগুলো নিজেদের এলাকা হিসেবে দেখানো হয়েছে।
যেসব দেশের সঙ্গে চীনের সীমানা নিয়ে বিরোধ আছে নতুন এসব পাসপোর্ট কোনো প্রতিবাদ ছাড়াই অসচেতনভাবে ওইসব দেশ অনুমোদন করলে প্রকারান্তরে তারা সীমানা সম্পর্কিত চীনা দৃষ্টিভঙ্গীকে স্বীকার করে নেবে এমনটাই ভেবে থাকতে পারে চীন।
জাপান ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেকগুলো প্রতিবেশী দেশের সঙ্গেই দীর্ঘদিন ধরে চীনের সীমানা বিরোধ চলে আসছে। স¤প্রতি এসব প্রতিবেশীর সঙ্গে চীনের সীমানা বিরোধ নিয়ে নতুন উত্তেজনাও তৈরি হয়েছে।
এরই মধ্যে এ ধরনের চীনা পাসপোর্ট প্রতিবেশীদের সঙ্গে সীমানা বিরোধ আরো উস্কে দিয়েছে।
নতুন এই চীনা পাসপোর্টের প্রতিবাদ জানিয়ে ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ান ইতোমধ্যে অভিযোগ করেছে, নতুন চীনা পাসপোর্টে সংযুক্ত মানচিত্রে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
সম্ভাব্য তেলসমৃদ্ধ পারাসেল দ্বীপকে চীন নিজেদের বলে মানচিত্রে উল্লেখ করেছে। কিন্তু এই দ্বীপের মালিকানা ভিয়েতনাম ও তাইওয়ানকে করে থাকে। দ্বীপটির কিছু অংশ ফিলিপাইনও নিজেদের বলে দাবি করে।
গত সপ্তায় কম্বোডিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান (আসিয়ান) এর সম্মেলনে চীন ও ফিলিপাইন বিতর্কিত দ্বীপ নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ে।
চীনের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সীমানা বিরোধ কীভাবে মেটানো যায় সেই চেষ্টা করছে আসিয়ান।
চীনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র ‘দ্য পিপলস ডেইলি’ এক প্রতিবেদনে ভিয়েতনাম ও অন্যান্য প্রতিবেশি রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সহায়তায় চীনকে দমানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ ঘ.
bdnews24