কায়রো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে নতুন ডিক্রি জারির পর চলমান সঙ্কট নিরসনে ঊর্ধ্বতন বিচারকদের সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বৈঠকে আপোসরফার আশা প্রকাশ করেছেন বিচারমন্ত্রী আহমেদ মেক্কি।
ডিক্রিটি নিয়ে বিরোধের কারণে ক্ষুব্ধ বিচারকদের সঙ্গে সোমবার বৈঠক করার সিদ্ধান্ত নেন মুরসি। বিচারমন্ত্রী আহমেদ মিক্কি ইতোমধ্যেই দুপক্ষে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছেন বলে জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় গণমাধ্যম প্রাথমিক খবরে বিচারকদের সংগঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সঙ্গে সোমবার বিকালে মুরসির বৈঠকে বসার সিদ্ধান্ত জানায়। কিন্তু আলোচনার ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।
আহমেদ মিক্কি বলেছেন, তার বিশ্বাস একটি সমাধান বেরিয়ে আসবে। ওদিকে, মুরসিও বলে আসছেন অন্য সবার সঙ্গে মতৈক্যে পৌঁছাতে তিনি প্রতিশ্রুতিব্ধ।
বিচারমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, “নতুন ক্ষমতা সীমার মধ্যে রাখার মিশরের সর্বোচ্চ বিচার কর্তৃপক্ষের প্রস্তাবে মুরসি রাজি হবেন।”
ওদিকে, কায়রোর প্রশাসনিক আদালত এরই মধ্যে জানিয়েছে, মুরসির জারি করা ডিক্রির বিরুদ্ধে আইনজীবী ও আন্দোলনকর্মীদের দায়ের করা মামলার প্রথম শুনানি হবে ৪ ডিসেম্বরে।
বৃহস্পতিবার জারি করা ওই ডিক্রি মুরসির ক্ষমতা বিস্তারে সহায়ক এবং এ পদক্ষেপ নিয়ে তিনি বিচারকদের ক্ষমতার সীমা অধিগ্রহণ করছেন অভিযোগ করে ধর্মঘট শুরু করেছিলেন বিচারকরা।
ডিক্রির বিরোধিতায় দেশজুড়ে ইতোমধ্যেই সহিংস বিক্ষোভের ফলে মিশরের শেয়ার বাজারের সূচক ৯ শতাংশ কমে গেছে।
মুরসি রোববার বলেন, “সাময়িকভাবে এ ডিক্রি জারি করা হয়েছে এবং ক্ষমতা আমার হাতে কুক্ষিগত করে রাখা এর উদ্দেশ্য নয়।” তারপরও ডিক্রিটি নিয়ে দেশে অশান্ত পরিস্থিতি বিরাজ করায় তা শান্ত করার চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট।
বিক্ষোভকারীরা চায় প্রেসিডেন্ট ওই ডিক্রি থেকে সরে আসুন। “ডিক্রি বাতিল করতে হবে, তা সংশোধন করে কোনো কাজ হবে না” এমনই উক্তি এক বিক্ষোভকারীর।
তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এ ডিক্রি পুরোপুরি প্রত্যাখ্যান করেনি। তারা বলছে, এ ক্ষমতা কেবল ‘সার্বভৌম বিষয়গুলোতে’ প্রয়োগ করা যেতে পারে।
কাউন্সিলের এ শর্তের ব্যাপারে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেক্কি বলেন, “আমার বিশ্বাস, প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তাই-ই চান।”
কয়েকটি খবরে বলা হয়েছে, সঙ্কট েেক বেরিয়ে আসার সম্ভাব্য প হচ্ছে ডিক্রির সীমা নির্ধারণ করে একটি স্মারকলিপি দেয়া বা সংশোধনী আনা।
সাময়িকভাবে ক্ষমতার সীমা বাড়ানো এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আইনি ছাড় দিয়ে নতুন ডিক্রি জারি করেন মুরসি। এতে তার বিরুদ্ধে নতুন একনায়ক হওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে শুক্রবার থেকে এ পর্যন্ত ১ জন নিহতসহ ৫শ’রও বেশি মানুষ আহত হয়েছে।
চলতি বছর মিশরের প্রথম গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচনে ও প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে মুরসির মুসলিম ব্রাদারহুড।
সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের জমানার পর নতুন গণতান্ত্রিক মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রভাব বৃদ্ধির চেষ্টায় উদ্বিগ্ন দেশটির বিরোধী দলগুলো। মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৫ঘ.
bdnews24