ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দামেস্কের পূর্বদিকের একটি খেলার মাঠে সরকার পক্ষের জঙ্গিবিমানের গুচ্ছবোমা হামলায় ১০ শিশু নিহত হয়েছে বলে দাবী করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনকারীরা।
সোমবার দির আল আসফির গ্রামে এ হামলা চালানো হয়েছে বলে আন্দোলনকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
আন্দোলনকারীদের দাবীর পক্ষে ইন্টারনেটে পোস্ট করা এক ভিডিওতে মাটিতে শোয়ানো শিশুদের মৃতদেহের ওপর তাদের মায়েদের আর্তনাদ করতে দেখা গেছে।
গ্রামটিতে দুইটি গুচ্ছবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।
একজন আন্দোলনকারী আবু কাসেম জানিয়েছেন, “ বোমা হামলায় নিহত কারো বয়সই ১৫ বছরের বেশি নয়।”
হামলায় ১৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
রোববার দামেস্কের কাছে একটি বিমান ঘাঁটির আংশিক দখলে নিয়েছে বিদ্রোহীরা। রাজধানী দামেস্ককে ঘিরে বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর তীব্র লড়াই চলছে।
বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর লড়াই তীব্র হয়ে ওঠার মুখে সরকার পক্ষ গুচ্ছবোমা ব্যবহার শুরু করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহী পক্ষগুলো। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে আসাদ সরকার।
সিরিয়ায় গত বিশ মাস ধরে চলা প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন-বিদ্রোহ-লড়াইয়ে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫০৯ ঘ.
bdnews24