বৈরুত, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননে হামলা চালালে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও অন্যান্য শহরে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননি শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ।
রোববার আশুরা উপলক্ষ্যে এক সমাবেশে উপস্থিত হাজার হাজার হিজবুল্লাহ সমর্থকের উদ্দেশ্যে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এক ভাষণে নাসরাল্লাহ এ হুঁশিয়ারি দেন।
২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর এক সংক্ষিপ্ত লড়াইয়ের পর থেকে ইসরায়েলি গুপ্ত হামলায় আশঙ্কায় জনসম্মুখে আসা এড়িয়ে চলেন তিনি।
গাজার হামাস শাসকদের সঙ্গে ইসরায়েলের আট দিনের এক লড়াইয়ে যুদ্ধবিরতি হওয়ার চারদিন পর দেওয়া এই ভাষণে নাসরাল্লাহ বলেন, “আক্রান্ত হলে ইসরায়েলে গাজার রকেট হামলা থেকেও ভয়াবহ হামলা চালাবে হিজবুল্লাহ।
“ওই আট দিনে গাজা থেকে নিক্ষিপ্ত হাতে গোনা কয়েকটি ফজর-৫ রকেটেই ইসরায়েলের কাঁপুনি ধরে গেছে, লেবাননে হামলা চালালে তেল আবিব ও অন্যান্য শহরে যে হাজার হাজার রকেট নিক্ষেপ করা হবে সেগুলো কীভাবে সামলাবে ইসরায়েল?,” বলেন তিনি।
৭৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘান হানতে সক্ষম ১৭৫ কেজি বিস্ফোরক বহনের ক্ষমতাসম্পন্ন ফরজ-৫ গাজা থেকে নিক্ষিপ্ত সবচেয়ে শক্তিশালী রকেট। এই রকেটগুলো ইসরায়েলের তেল আবিব ও অধিকৃত জেরুজালেম শহর লক্ষ করে নিক্ষেপ করা হয়েছিল।
ছয় বছর আগে ইসরায়েলের সঙ্গে টানা ৩৪ দিন মুখোমুখি লড়াই চালিয়ে যাওয়া হিজবুল্লাহর কাছে হামাসের চেয়েও ধ্বংসাত্মক অস্ত্র আছে বলে জানিয়েছে দলটি। নতুন কোনো সহিংসতা চালালে ইসরায়েলের সব অংশে হামলা চালিয়ে হাজার হাজার নাগরিককে হত্যা করা হবে বলে জানিয়েছেন নাসরাল্লাহ।
“গাজার থেকে ৪০ থেকে ৭০ কিলোমিটার দূরে রকেট নিক্ষেপ করা হয়েছে। আমাদের সঙ্গে লড়াই শুরু হলে অধিকৃত ফিলিস্তিনের সব জায়গায়, লেবাননের সীমান্ত থেকে জর্দান সীমান্ত হয়ে লোহিত সাগর পর্যন্ত সব জায়গা আমাদের লক্ষ্যের মধ্যে থাকবে,” বলেন তিনি।
তিনি আরো বলেন, “ইসরায়েলিরা মনযোগ দিয়ে শুনুন, হিজবুল্লাহ কিরিয়াত শমনা থেকে ইলাত পর্যন্ত যে কোনো লক্ষ্যেই আঘাত হানতে সক্ষম।”
কিরিয়াত শমনা লেবানন সীমান্তে ইসরায়েলের সর্বউত্তরের শহর আর ২৯০ মাইল দূরে ইলাত দেশটির সর্বদক্ষিণে লোহিত সাগরের বন্দর শহর।
গত মাসে ইসরায়েলের ভেতরে একটি চালকবিহীন বিমান পাঠিয়েছিল হিজবুল্লাহ। দক্ষিণ ইসরায়েলের ২৫ মাইল ভিতরে ঢুকে যাওয়ার পর বিমানটিকে গুলি করে ধ্বংস করে ইসরায়েলি জঙ্গিবিমান।
এই ঘটনার উল্লেখ করে হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে দেশটির ভিতর ঢুকে পড়া তাদের পক্ষে সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৯ ঘ.
bdnews24