২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬/১১’র চতুর্থ বর্ষপূর্তি স্মরণ করছে ভারত

মাত্র পাঁচদিন আগে ২১ নভেম্বর সকালে ওই হামলায় অংশ নিয়ে বেঁচে যাওয়া একমাত্র সন্ত্রাসী আজমল কাসবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ২৬/১১ বলে পরিচিত মুম্বাই হামলার চতুর্থ বার্ষিকী আজ। ওই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ। ২০০৮ সালের এই দিনে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়বার ১০ জঙ্গি বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে ১৬৬ জন নিহত ও প্রায় ৩শ’ জন মানুষ আহত হয়। পরবর্তীকালে এই ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ২৬/১১ হামলা বলে পরিচিতি পায়। ওই হামলার বর্ষপূর্তিতে মুম্বাইয়ের চৌপট্টিতে পুলিশের খেলাধূলার মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানেই নিহতদের স্মরণে একটি সৌধ নির্মাণ করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। মহারাষ্ট্রের গভর্নর কে শঙ্করানারায়ন, মুখ্যমন্ত্রী পৃত্থিরাজ চ্যবন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধ, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল, মুম্বাই পুলিশ কমিশনার সত্যপল সিং ওই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে সোমবার সকালে শ্রদ্ধা জানান। ওই হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মীয়, হামলায় নিহত সাধারণ মানুষের স্বজন এবং ওই ঘটনায় বেঁচে যাওয়া অনেকে এই স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছেন। ২৬/১১’র বর্ষপূতিকে ঘিরে মুম্বাইজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাত্র পাঁচদিন আগে ২১ নভেম্বর সকালে ওই হামলায় অংশ নিয়ে বেঁচে যাওয়া একমাত্র সন্ত্রাসী আজমল কাসবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মুম্বাই পুলিশ কমিশনার সত্যপল সিং জানান, যদিও কোনো সুনির্দিষ্ট হুমকি নেই, কিন্তু এরপরও গত এক সপ্তাহ ধরে মুম্বাইয়ে উচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে একটি শান্তি মিছিল হয়েছে। ওই মিছিলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এইচআরডি শশি থারুর, বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীসহ ওই হামলায় স্বামী ও মেয়ে হারানো যুক্তরাষ্ট্রের নাগরিক কিয়া স্কেরিও অংশ নিয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল, রেল স্টেশনসহ কয়েকটি স্থানে হামলা চালায় লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা। ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ হামলাকারীও মারা যায়। আহত অবস্থায় বেঁচে যাওয়া একমাত্র সন্ত্রাসী আজমল কাসবেরও দীর্ঘ বিচার শেষে ২১ নভেম্বর ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৩ ঘ.