আম্মান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের ১৫ কিলোমিটার পূর্বে একটি বিমান ঘাঁটি দখল করে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা।
এ নিয়ে এ মাসে দামেস্কের উপকণ্ঠে দ্বিতীয় সামরিক ঘাঁটি প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের দখলে গেল। ইন্টারনেটে প্রকাশ করা একটি ভিডিওতে বিদ্রোহীদেরকে বিমানঘাঁটি ঘুরে একে-৪৭ রাইফেল বহন করতে দেখা গেছে। ভিডিওটি মারজ আল-সুলতান ঘাঁটিতে ধারণ করা বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
এতে একটি ফাঁকা বাঙ্কারের ওপর বিমান-বিধ্বংসী অস্ত্রও তাক করে রাখতে দেখা গেছে এবং একটি হেলিকপ্টারের পাশে দেখা গেছে এক বিদ্রোহী কমান্ডারকে।
এক ভিডিও বার্তায় ওই কমান্ডার বলেন, আল্লাহর ওয়াস্তে পূর্বাঞ্চলীয় ঘৌতায় মারজ আল সুলতান বিমান ঘাঁটি মুক্ত করা হয়েছে।
আন্দোলনকর্মীরা বলছে, হামলায় দুটি হেলিকপ্টার এবং একটি রাডার স্টেশন ধ্বংস হয়েছে এবং ১৫ জনকে বন্দি করা হয়েছে।
কনিবার সন্ধ্যায় তোলা ওই ভিডিও ফুটেজে বিদ্রোহীদেরকে বিমান ঘাঁটিটিতে রকেট-চালিত গ্রেনেড ছুড়তে দেখা গেছে এবং এতে বিধ্বস্ত একটি হেলিকপ্টারও দেখা গেছে।
এর আগের সপ্তাহে দামেস্কের দক্ষিণাঞ্চলে হাজার-আল- আসওয়াদ এর কাছে একটি বিমান ঘাঁটি দখল করে বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২২ঘ.
bdnews24