লস অ্যাঞ্জেলস, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ কোরিয়ান র্যাপ শিল্পী সাই এর মিউজিক ভিডিও ‘গ্যাঙনাম স্টাইল’ ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটি।
কানাডার শিল্পী জাস্টিন বিবারের ‘বেইবি’ গানের ভিডিওকে পেছনে ফেলে ‘গ্যাঙনাম স্টাইলের’ দর্শক সংখ্যা বর্তমানে ৮০ কোটি ছাড়িয়েছে।
ইউটিউব নিজেদের ব্লগে জানায়, শনিবার ‘গ্যাঙনাম স্টাইল’ এই সাইটের অন্য সব ভিডিওকে অতিক্রম করে প্রথম স্থানে উঠে আসে।
“এর আগে প্রথম স্থানে ছিলো বিবারের ২০১০ সালের মিউজিক ভিডিও ‘বেইবি’। শনিবার দিনের মধ্যভাগে ‘গ্যাঙনাম স্টাইল’-এর দর্শক সংখ্যা দাড়ায় ৮০ কোটি ৫০ লাখ-এ, এ সময় ‘বেইবি’র দর্শকসংখ্যা ছিলো ৮০ কোটি ৩০ লাখ।”
এর এক ঘন্টা পরই ‘গ্যাঙ্গন্যাম স্টাইল’-এর দর্শক সংখ্যা ৮০ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউটিউব।
চলতি বছরের জুলাই মাসে ‘গ্যাঙ্গন্যাম স্টাইল’ ভিডিওটি ইউটিউব-এ দেওয়া হয়। ওই মাসেই সারাবিশের ইউটিউব দর্শকদের মধ্যে ভিডিওটি দারুণ জনপ্রিয়তা পায়।
‘গ্যাঙনাম স্টাইল’ ভিডিওতে অদ্ভুত পোশাক ও সানগ্লাস চোখে অংশগ্রহণকারীদের কোরীয় ভাষায় র্যাপ গানের সঙ্গে অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখা যায়, কোনো মানুষ অদৃশ্য এক ঘোড়ায় উঠছেন এমনই তাদের ভঙ্গি।
গানটির নামকরণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জৌলুশপূর্ণ শহর গ্যাঙনাম-এর নামানুসারে। আর শিল্পী সাইয়ের প্রকৃত নাম পার্ক জেই স্যাঙ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/তুষার/এবি/১৫০৯ ঘ.
bdnews24