ব্রাসিলিয়া, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের কাছে সরকারি অনুমোদন বিক্রি করতে প্রভাবিত করার দায়ে ব্রাজিলের ফেডারেল পুলিশ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর সঙ্গে জাড়িত থাকার দায়ে দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
শুক্রবার রাজধানী ব্রাসিলিয়া ও সাও পাওলোর সরকারি কয়েকটি দপ্তরে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সরকারি যে সব উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে তাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভার সাবেক ব্যক্তিগত সহকারী রোজেম্যারি দ্যা নোরনহাও আছেন। তিনি ২০০৫ সাল থেকে সাও পাওলোতে সরকারি প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৩ সালে সংখ্যালঘু ওয়াকার্স পার্টি সরকারের জন্য ঘুষের বিনিময়ে কংগ্রেসের সমর্থন আদায়ের অভিযোগে লুলার কয়েকজন রাজনৈতিক সহযোগীর বিচারের সূত্র ধরে নতুন এই ঘুষ কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়। ওই অভিযোগে লুলার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কারাবাসের শাস্তিও হয়েছে।
নতুন এই আর্থিক কেলেঙ্কারির ফলে ব্রাজিলের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ লুলার ভাবমূর্তি আরো ক্ষতিগ্রস্থ হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার গ্রেপ্তারকৃতদের মধ্যে ন্যাশনাল ওয়াটার এজেন্সির পরিচালক পাউলো রডরিগুয়েজ ভিয়েরা ও তার ভাই ব্রাজিল সিভিল এভিয়েশন এজেন্সির বিমানবন্দর আবকাঠামো বিভাগের পরিচালক রুবেন্স কার্লো ভিয়েরা আছেন। কেন্দ্রিয় সরকারের এসব পদে এই দুইভাইকে নোরনহাই বসিয়েছিলেন বলে জানা গেছে।
দ্বিতীয় সারির সরকারী কর্মকর্তাদের ব্যবহার করে ঘুষ লেনদেনের জন্য ওই দুই ভাইকে অভিযুক্ত করেছে পুলিশ। এ বিষয়ে জড়িত থাকার অভিযোগে ভিয়ারাদের অপর এক ভাই মার্সেলো রডরিগুয়েজ ভিয়েরাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্সেলো ভূয়া সরকারি অনুমোদন ও দ্রুত অনুমোদন পেতে ঘুষ দিতে আগ্রহী ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতেন।
ফেডারেল পুলিশ এই চক্রটির বিষয়ে ২০১০ সাল থেকে তদন্ত চালিয়ে আসছে।
শুক্রবার সকালে ডেপুটি অ্যাটনি জেনারেল হোসে ওয়েবার দ্যা ওলান্দের ব্রাসিলিয়া দপ্তর থেকে কম্পিউটার ও অন্যান্য তথ্য সম্বলিত কাগজপত্র আটক করে পুলিশ। বরখাস্ত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের তদন্ত করে দেখছে পুলিশ।
তদন্তনাধীন অন্যান্য আরো প্রায় এক ডজন কর্মকর্তার মধ্যে একজন সাবেক সিনেটরও আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে প্রেসিডেন্ট রৌসেফের এর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রেসিডেন্টের সিদ্ধান্তানুযায়ী, ফেডারেল পুলিশের তদন্তনাধীনে থাকা সকল সরকারি কর্মকর্তাকে তাদের পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করা হবে।”
দেশটির শিক্ষামন্ত্রণালয়সহ আরো কয়েকটি মন্ত্রণালয় পুলিশি তদন্তের মুখে আছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪২৮ ঘ.
bdnews24