২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াসির আরাফাতের লাশ তোলা হচ্ছে মঙ্গলবার

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার কবর থেকে তার মৃতদেহ তোলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার কবর থেকে তার মৃতদেহ তোলা হবে। ফিলিস্তিনের সাবেক গোয়েন্দা প্রধান তৌফিক তিরায়ি শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, সমাধি থেকে আরাফাতের মৃতদেহ তোলার পর ফ্রান্স, সুইজারল্যান্ড ও রাশিয়ার বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করবেন। এরপর ওই দিনই যথাযথ মর্যাদায় মৃতদেহ সমাহিত করা হবে। ইয়াসির আরাফাতের শরীরে পলোনিয়াম ২১০ বা অন্য কোনো বিষাক্ত পদার্থ আছে কি না তা পরীক্ষার জন্য বিজ্ঞানীরা সংগৃহীত নমুনা নিজ দেশে নিয়ে যাবেন বলেও জানান তিনি। ২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সামরিক হাসপাতালে মৃত্যু হয় আরাফাতের। স্ট্রোকে তার মৃত্যু হয় বলে চিকিৎসা প্রতিবেদন বলা হয়। কিন্তু সুইজারল্যান্ডের একদল গবেষক আরাফাতের পাগড়িসহ তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রিতে তেজস্ক্রিয় পলোনিয়ম-২১০ এর সন্ধান পেয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে। এরপর গত অগাস্টে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের এই নেতার মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে ফ্রান্স। তদন্তের স্বার্থে এ মাসের শুরুতে পশ্চিম তীরের রামাল্লায় আরাফাতের সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ৩৫ বছর ধরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতৃত্বে থাকা ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট। ১৯৯৬ সালে প্রেসিডেন্ট হন তিনি। ২০০৪ সালে হঠাৎ অসুস্থ হওয়ার দুই সপ্তাহ পর তাকে প্যারিসের একটি সামরিক হাসাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে বছর ১১ নভেম্বর ৭৫ বছর বয়সে মারা যান তিনি। তখন স্বামীর মৃতদেহের ময়নাতদন্তে বাধা দেন আরাফাতের স্ত্রী সুহা। পরবর্তীতে ‘সত্য উদঘাটনে’ কবর থেকে আরাফাতের মৃতদেহ তোলার পক্ষে মত দেন তিনি। ইয়াসির আরাফাতের ব্যবহার করা জিনিসপত্রে পলোনিয়াম ২১০ এর অস্তিত্ব পাওয়ার খবর প্রকাশের পর অনেক ফিলিস্তিনি মনে করেন যে, ইসরায়েল তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে। তবে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৯৪২ ঘ.