লন্ডন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৩ সালের বুকার সাহিত্য পুরস্কারের জন্য নতুন প্রধান বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ম্যাকফারলেন।
বুধবার এ তথ্য জানিয়েছেন বুকার পুরস্কারের আয়োজক কমিটি।
এ পুরস্কার বিজয়ীদের নিয়ে সমালোচনা এড়াতেই আবারো সাহিত্য জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এর প্রধান বিচারক নিয়োগ করা হলো বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে প্রভাব সৃষ্টিকারী এ সাহিত্য পুরস্কার বিজয়ীদের নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের।
এবছর বুকারের বিচারক কমিটির প্রধান ছিলেন টাইমস পত্রিকার সাহিত্য সাময়িকী ক্রোড়পত্রের সম্পাদক পিটার স্টোটহার্ড।
বুকার পুরস্কার দেয়ার ক্ষেত্রে সাহিত্যের ‘পাঠযোগ্যতা’র চেয়ে জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে ২০১১ সালে অভিযোগ তোলেন যুক্তরাজ্যের সাবেক গোয়েন্দা ও ঔপন্যাসিক স্টেলা রিমিংটন।
নতুন প্রধান নির্বাচক ম্যাকফারলেন কেমব্রিজের ইমানুয়েল কলেজে ইংরেজি সাহিত্যে ফেলোশিপ সম্পন্ন করেন। বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীর নিয়মিত লেখক ম্যাকফারলেন ২০০৪ সালেও বিচারক কমিটিতে ছিলেন।
প্রধান নির্বাচক নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে রবার্ট ম্যাকফারলেন বলেন, ‘আধুনিক সাহিত্যের রূপ নির্ধারণে অবদান রাখা এ পুরস্কারের প্রধান বিচারক নির্বাচিত হয়ে আমি গর্ববোধ করছি। এ দায়িত্ব পালন করতে সহবিচারকদের সঙ্গে প্রায় ৪০ হাজার পৃষ্ঠা পড়তে হবে। তার জন্য অপেক্ষা করছি আমি।’
২০১৩ সালের বুকার পুরস্কারের জন্য বিবেচনাধীন কমপক্ষে ১২টি উপন্যাসের নাম প্রকাশ করা হবে আগামী জুলাই মাসে। এর মধ্যে ছয়টি নিয়ে প্রাথমিক মনোনয়ন প্রকাশ করা হবে সেপ্টেম্বর মাসে। অক্টোবর মাসে চূড়ান্তবিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫০৬ ঘ.
bdnews24