২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্বল পেশীর পুরুষ বাঁচে কম’

এরমধ্যে বেশি হালকা-পাতলা ও বেশি স্থূল উভয় ধরনের স্বাস্থ্যের অধিকারীরাই রয়েছেন। তবে মোটা হলেও যাদের শরীরে পেশীর আধিক্য ছিলো তাদেরও তুলনামূলক বেশিদিন বাঁচার সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণ বয়সে পেশীবহুল স্বাস্থ্যের অধিকারীরা একই বয়সী দুর্বল পেশীর অধিকারীদের তুলনায় বেশি দিন বাঁচতে পারে বলে মনে করছেন একদল সুইডিশ বিশেষজ্ঞ। অন্ততপক্ষে পুরুষদের মধ্যে এ প্রবণতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছেন তারা। ১০ লাখেরও বেশি তরুণকে ২৪ বছরের বেশি সময় ধরে পর্যবেক্ষণের অধীনে রেখে বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে বিবিসি। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, দুর্বল পেশীবিশিষ্ট স্বাস্থ্যে পাওয়া বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সঙ্গে কমবয়সে মৃত্যুঝুঁকির কারণগুলো পাওয়া গেছে। তাছাড়া পেশীবহুল শরীর সাধারণতঃ বাড়তি শারীরিক যোগ্যতা নির্দেশ করে। দুর্বল পেশীধারীদের মধ্যে বেশি হালকা-পাতলা ও বেশি স্থূল উভয় ধরনের স্বাস্থ্যের অধিকারীরাই রয়েছেন। তবে মোটা হলেও যাদের শরীরে পেশীর আধিক্য ছিলো তাদেরও তুলনামূলক বেশিদিন বাঁচার সম্ভাবনা রয়েছে। গবেষণায় সুইডিশ প্রতিরক্ষা বাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেয়া কিশোরদের বিভিন্ন শারীরিক কসরতের সময় তাদের পেশীশক্তি পরিমাপ করা হয়। বিশেষজ্ঞরা জানান, পর্যবেক্ষণের দীর্ঘসময়ের মধ্যে জরিপে অন্তর্ভুক্তদের মধ্যে ২৬ হাজার ১৪৫ জন মারা যান। মৃত্যুর কারণের মধ্যে ছিলো হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারসহ দুর্ঘটনায় আহত হওয়া এবং আত্মহত্যাও। প্রায় এক তৃতীয়াংশের মৃত্যু হয় এগুলোর বাইরে অন্যান্য কারণে। গবেষণায় দেখা গেছে, তরুণ বয়সে যাদের শরীরে পেশীর পরিমাণ অপেক্ষাকৃত বেশি ছিলো তাদের মধ্যে হৃদরোগসহ অন্যান্য কারণে কম বয়সে মৃত্যুর ঝুঁকি অন্ততপক্ষে ২০ থেকে ৩৫ শতাংশ কম। এদের মধ্যে সিজোফ্রেনিয়া অথবা বিষণœতার মতো মানসিক সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ কম। আত্মহত্যায় এদের মৃত্যুর ঝুঁকিও ২০ থেকে ৩০ শতাংশ কম। এর বিপরীতে ১৬ থেকে ১৯ বছর বয়সী যেসব কিশোর দুর্বল পেশীর অধিকারী ছিলো তাদের মধ্যে মধ্য পঞ্চাশে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি। এ গবেষণায় সুস্বাস্থ্যের জন্য যে কোনো বয়সে শারীরিক কসরতের প্রয়োজনীয়তার বিষয়টি আবারো প্রমাণিত হয়েছে বলে মনে করছে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন। তবে বেশি শারীরিক কসরত করলেই দীর্ঘদিন বাঁচা যাবে এমন কোনো প্রমাণ এ গবেষণায় পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০২৪ ঘ.