ব্যাংকক, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ করার সময় কয়েকশ’ সরকারবিরোধী প্রতিবাদকারীর ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার প্রশাসনের বিরুদ্ধে এ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ ছিলো এটি।
২০১১ সালের জুলাই মাসে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পর থেকেই ইংলাকের দলের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে।
শনিবার একটি মিছিলের জন্য জড়ো হওয়া অন্তত তিনশ’ আন্দোলনকারীর সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। আন্দোলনকারীরা পুলিশের তৈরি সিমেন্ট ব্লক ও কাঁটাতারের বেড়া ভাঙ্গার চেষ্টা করলে তাদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়ে দাঙ্গা পুলিশ।
বিক্ষোভের মূল স্থল থেকে মাইলখানেক দূরে জাতিসংঘের কার্যালয়ের কাছাকাছি এলাকায় বিক্ষোভকারীদের ছোঁড়া ইট-পাথরে অন্তত সাতজন পুলিশ আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
বিক্ষোভস্থলে অন্তত ১৭ হাজার পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আভ্যন্তরীণ নিরাপত্তা আইন কার্যকর করে পুলিশকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও রাস্তা বন্ধ করে দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
বিক্ষোভস্থল থেকে ছুরি ও গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থাইল্যান্ডের নতুন রাজনৈতিক দল পিটাক সিয়ামের নেতৃত্বে দেশটির রাজতন্ত্রের অনুগত বিভিন্ন রক্ষণশীল দল এ সরকারবিরোধী আন্দোলন চালিয়ে আসছে। ২০০৬ সালে ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার সরকার পতনে মূল ভূমিকা রাখা পিপলস অ্যালায়েন্স ফর ডেমক্রেসি’র ‘হলুদ শার্ট’ দলও যোগ দিয়েছে এ আন্দোলনে।
সরকারকে দুর্নীতির জন্য অভিযুক্ত করে ইংলাক তার ভাই ‘থাকসিনের পুতুল’ বলে অভিহিত করেছেন পিটাক সিয়ামের প্রধান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বুনলার্ট কায়েপ্রাসিত।
তবে ২০১০ সালে বর্তমান সরকারের সমর্থকদের টানা দু’মাসের আন্দোলন দমনে শেষপর্যন্ত সেনাবাহিনী নামানো হলে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্ততপক্ষে ৯১ জন নিহত হয়। এসময় ১ হাজার সাতশ’র বেশি মানুষ আহত হয়।
২০০৬ সালে সেনাসমর্থিত এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন সিনাওয়াত্রা। ২০০৮ সালে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার কিছুদিন আগে দেশ ছেড়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫০০ ঘ.
bdnews24