গাজা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের সেনারা শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মিশরের মধ্যস্থতায় বুধবার সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলের হাতে গাজার ফিলিস্তিনি নিহতের ঘটনা এটিই প্রথম।
গাজার ইসলামপন্থি দল হামাস এর এক মুখপাত্র এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেছেন এবং কায়রোর কাছে এ ব্যাপারে নালিশ করা হবে বলেও জানিয়েছেন।
ওদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, ওই ঘটনা সম্পর্কিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকটি চিকিৎসক সূত্রে বলা হয়েছে, আনোয়ার কেইহ (২৩) নামের ওই ফিলিস্তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। গাজা সীমান্ত বরাবর নিরাপত্তা বেষ্টনীর দিকে অগ্রসর হওয়ার পর তিনি ইসরায়েলি সেনাদের আক্রমণের শিকার হন। ওই এলাকাটিতে গাজাবাসীদের প্রবেশ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রেখেছে ইসরায়েল।
ঘটনাস্থলে উপস্থিত থাকা আনোয়ারের এক আত্মীয় রয়টার্সকে জানান, বেষ্টনীর ওপর হামাসের পতাকা টাঙানোর চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি আনোয়ারের মাথায় লাগে। তবে এর আগে ইসরায়েলের সেনারা তিনবার ফাঁকা গুলি ছোড়ে বলেও জানান তিনি।
হামাসের মুখপাত্র শমি আবু জুহরি ঘটনাটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন আখ্যা দিয়ে বলেন, “আমরা ঘটনাটি নিয়ে আলোচনার জন্য মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করব।”
ওদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রও পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, গাজার নিরাপত্তা বেষ্টনী ভেঙে ইসরায়েলে প্রবেশের চেষ্টাও যুদ্ধবিরতির লঙ্ঘন।
মিশরের মধ্যস্থতায় গত বুধবার যুদ্ধবিরতি হওয়ার পর দুপক্ষের মধ্যে ৮ দিনের তুমুল লড়াই শেষ হয়। এ লড়াইয়ে নিহত হয় ১৩৬ জন ফিলিস্তিনি এবং ৬ ইসরায়েলি।
যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী ইসরায়েল এবং ফিলিস্তিনি দুপক্ষই সহিংসতা অবসানে রাজি হয়েছিল।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পর বৃহস্পতিবার থেকে গাজা সীমান্তে মোতায়েন বাহিনী প্রত্যাহারও শুরু করে ইসরায়েল।
ত্রিপল দিয়ে ঢাকা ট্যাঙ্ক ও সামরিক বুলডোজারগুলো লরিতে উঠিয়ে ইউক্যালিপটাসের বনের মধ্য দিয়ে ক্যাম্পের দিকে রওনা হয় ইসরায়েলি বাহিনী। শনিবারের মধ্যে সেনা প্রত্যাহর সম্পন্ন হওয়ার কথা।
১৪ নভেম্বর ইসরায়েলি এফ১৬ যুদ্ধবিমানের নিখুঁত নিশানায় হামাসের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার মধ্য দিয়ে দুপক্ষে লড়াই শুরু হয়েছিল। গাজা থেকে রকেট হামলা বন্ধ করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে জানায় ইসরায়েল।
ইসরায়েল দাবি করে, অক্টোবরের শেষদিক থেকে নভেম্বরের প্রথম কয়েকদিন পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের ভূমিতে ৭শ’রও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আর গত আটদিনের লড়াইয়ে গাজা থেকে পনেরশ’ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যদিও এগুলোর ৮৪ শতাংশ আকাশেই ধ্বংস করেছে ইসরায়েল তবুও বাকি রকেটগুলোতেই হতাহতের ঘটনা ঘটেছে।
বিপরীতে সমান সংখ্যক হামলা চালিয়ে গাজার ৩০ জন জ্যেষ্ঠ সামরিক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল, এছাড়া রকেট, রকেট ছোঁড়ার যন্ত্রপাতিসহ অস্ত্রগুদামও ধ্বংস করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24