ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফরকালে বক্তব্য দেয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঘুমাচ্ছেন, এমনই দেখা গেছে ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে।
এ সময় হিলারির পাশে বসে ছিলেন মিয়ানমারে গণতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বর্তমানে দেশটির বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি।
বৃহস্পতিবার ইন্টারনেটে ভিডিও দেখা জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে এ ভিডিও ফুটেজটি দেয়া হয় বলে জানিয়েছে এমএসএন নিউজ।
এতে দেখা যায়, মিয়ানমারে প্রেসিডেন্ট ওবামা বক্তব্য দেয়ার সময় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী হিলারি। এর আগে তাকে বার বার চোখ পিটপিট করে ঘুম তাড়ানোর চেষ্টা করতে দেখা যায়।
একপর্যায়ে ওবামা মিয়ানমারের সাবেক সামরিক স্বৈরশাসন থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বিষয়ক বক্তব্য শুরু করলে চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়তে দেখা যায় হিলারিকে। এ সময় মনোযোগ দিয়ে ওবামার বক্তব্য শুনছিলেন অং সান সুচি।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই তা টুইটারসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসব ওয়েবসাইটে যেমন কৌতুক করা হয়েছে, তেমনি হিলারির পক্ষেও মন্তব্য করেছেন অনেকে।
ওবামার সঙ্গে এশিয়ার তিনটি দেশে সফরের মধ্যেই বুধবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি হামাস বাহিনীর মধ্যে ষংঘাত প্রশমনের উদ্দেশ্যে জেরুজালেম সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
দীর্ঘ সফরের ক্লান্তিতেই তিনি ঘুমিয়ে পড়েন বলে মনে করছেন অনেক মন্তব্যকারী। এছাড়া তার কঠোর পরিশ্রমের প্রশংসাও করেছেন অনেকে।
২০০৮ সালের প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে মনোনীত হন বারাক ওবামা। পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে নিযুক্ত করেন তিনি।
তবে ওবামার দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকছেন না হিলারি। আগামী জানুয়ারিতে বারাক ওবামা পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৩৪ঘ.
bdnews24