২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ট্রাক বোমায় নিহত ২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ২ জন নিহত ও বিদেশি সেনাসহ ৭০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কাবুল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ২ জন নিহত ও বিদেশি সেনাসহ ৭০ জন আহত হয়েছে। শুক্রবার ওয়ারদাক প্রদেশের প্রধান শহর ময়দানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। তবে হামলার লক্ষ্য কারা ছিল তা জানা যায়নি। আফগানিস্তানে মোতায়েন নেটো নেতৃত্বাধীন ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসন্ট্যান্স ফোর্স’ (আইএসএএফ) এর মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক গভর্নর দপ্তরের কাছে হামলা হয়, এতে আইএসএএফ’র ছয়জন মতো সদস্য সামান্য আঘাত পেয়েছে। এক জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা আহমেদ ওয়ালি জানান, একটি পানিবাহী লরিতে বিস্ফোরক বোঝাই করে একটি সামরিক দপ্তরের ৪০ মিটার দূরে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়। সাংবাদিকদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় হামলার দায় স্বীকার করেছে তালেবান। ওয়ারদাক প্রদেশে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন আছে। গত সেপ্টেম্বরে এখানে নেটো সেনা ঘাঁটিতে জোড়া বোমা হামলায় আট বেসামরিক নাগরিকসহ চার আফগান পুলিশ নিহত হয়। গত বছর এ প্রদেশে তালেবানের গুলিতে নেটোর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩৮ সেনা নিহত হয়। তাদের ৩০ জনই মার্কিন সেনা যাদের অধিকাংশই ‘অভিজাত’ নেভি সিল বাহিনীর সদস্য। এই নেভি সিল বাহিনীই আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে হত্যা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৩ঘ.