রুট ২৩২, ইসরায়েল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পর গাজা সীমান্তে মোতায়েন বাহিনী প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। আট দিন টানা লড়াইয়ের পর ইসরায়েল-গাজা উভয়পক্ষই নিজ নিজ পক্ষের বিজয় ঘোষণা করেছে।
বুধবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল।
ত্রিপল দিয়ে ঢাকা ট্যাঙ্ক ও সামরিক বুলডোজারগুলো লরিতে উঠিয়ে ইউক্যালিপটাসের বনের মধ্য দিয়ে ক্যাম্পের দিকে রওনা হয় ইসরায়েলি বাহিনী। আগামী কালের মধ্যে সেনা প্রত্যাহর সম্পন্ন হলে মাঠগুলোতে আবার কৃষিকাজ শুরু করবে স্থানীয় কৃষকরা।
২০০৯ সালে গাজা অভিযানের সময়ও তারা একই পথ দিয়ে গাজায় গিয়েছিল। তিন সপ্তাহের ওই লড়াইয়ে ১ হাজার ৪শ’ মানুষ নিহত হয়েছিল যার মধ্যে ইসরায়েলি ছিল মাত্র ১৩ জন। এবারের আট দিনের লড়াইয়ে ১৬০ ফিলিস্তিনির বিপরীতে নিহত ইসরায়েলির সংখ্যা ৬ জন।
এই পরিসংখ্যানের কারণেই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে হামাস।
আগের লড়াইয়ে নিহত ১৩ ইসরায়েলির ৪জন আবার নিজ পক্ষের গুলিতেই নিহত হয়েছিল, এবার নিহত ৬ ইসরায়েলির সবাই হামাসের রকেট হামলার শিকার।
“সিংহের গুহা থেকে আমরা বিজয় ঘোষণা করছি,” বলেন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।
১৪ নভেম্বর ইসরায়েলি এফ১৬ যুদ্ধবিমানের নিখুঁত নিশানায় হামাসের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার মধ্য দিয়ে লড়াইটি শুরু হয়েছিল। গাজা থেকে রকেট হামলা বন্ধ করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে জানায় ইসরায়েল।
ইসরায়েল দাবি করে, অক্টোবরের শেষদিক থেকে নভেম্বরের প্রথম কয়েকদিন পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের ভূমিতে ৭শ’রও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
মনস্তাত্ত্বিকভাবে ও প্রচার- প্রচারণায়ও ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ইসরাইল অধিকৃত জেরুজালেমে দীর্ঘ পাল্লার রকেট নিক্ষেপ করে ‘খেলা’ নিজের দিকে নিয়ে গেছে হামাস। ইসরায়েলি স্থল অভিযান শুরু না হওয়ায় স্বস্থির নিঃশ্বাস ফেললেও হামাসের এই আপাত বিজয়ে উল্লাস করছে গাজাবাসীও।
ইসরায়েল জানিয়েছে, এই আটদিনে গাজা থেকে পনেরশ’ রকেট নিক্ষেপ করা হয়েছে। যদিও এগুলোর ৮৪ শতাংশ আকাশেই ধ্বংস করেছে ইসরায়েল তবুও বাকি রকেটগুলোতেই হতাহতের ঘটনা ঘটেছে।
বিপরীতে সমান সংখ্যক হামলা চালিয়ে গাজার ৩০ জন জ্যেষ্ঠ সামরিক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল, এছাড়া রকেট, রকেট ছোঁড়ার যন্ত্রপাতিসহ অস্ত্রগুদামও ধ্বংস করেছে।
যুদ্ধবিরতির চুক্তিকে হামাসের পরাজয়ের ‘কাগুজে দলিল’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। মিশরের মধ্যস্থতায় আয়োজিত যুদ্ধবিরতি, ‘নয়মাসও টিকতে পারে, নয় সপ্তাহ টিকতে পারে’ মন্তব্য করে বারাক বলেন, “যুদ্ধবিরতির শর্ত ভাঙা হলে কী করতে হবে তা আমাদের জানা আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৩ ঘ.
bdnews24