২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বিজয়োল্লাস

মিশরের মধ্যস্থতায় গাজা-ইসরায়েল যুদ্ধবিরতিতে ৮ দিন ব্যাপী লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অধিবাসীরা, বৃহস্পতিবার গাজাজুড়ে উল্লাসে মেতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গাজা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের মধ্যস্থতায় গাজা-ইসরায়েল যুদ্ধবিরতিতে ৮ দিন ব্যাপী লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অধিবাসীরা, বৃহস্পতিবার গাজাজুড়ে উল্লাসে মেতেছে তারা। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু আর ধ্বংসের মধ্যেও গাজাবাসী খুশির জোয়ারে ভাসছে। যুদ্ধের সময় গাজা থেকে ছোড়া রকেট বোমা প্রথমবারের মতো তেলআবিব এবং জেরুজালেমে আঘাত হেনে ইসরায়েলের সামরিক শক্তির ভিত কাঁপিয়ে দিয়েছে- হামাসের এ দাবিরই প্রতিধ্বনি করে তারা আনন্দে আত্মহারা। হামাস ট্রাফিক পুলিশের সঙ্গে করমর্দন করে অনেক পথচারী “আপনাদের বিজয়ে অভিনন্দন” বলে শুভেচ্ছা জানিয়েছে। হামাসের সবুজ পতাকা ওড়াতে দেখা যায় উল্লাসিত জনতাকে। তবে অনেকেই প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি দল ফাতাহ’র হলুদ পতাকাও উড়িয়েছে। হামাস-ফাতাহর একতার বাণীতে স্লোগান দেয় তারা। তবে এ বিজয়োল্লাসের মধ্যে বিধ্বস্ত বাড়ি-ঘর ও সরকারি ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোর মাঝে ছায়া ফেলেছে বিমর্ষতাও। বুধবার রাত থেকে ফিলিস্তিনের গাজা-শাসনকারী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার কায়রোয় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী কামেল আমার। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উপস্থিত ছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরামর্শে মিশরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা ও ইসরায়েলের সমর্থনের খবর জানানো হয়। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গাজায় আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে উল্ল¬াস প্রকাশ করে ফিলিস্তিনিরা। এর ফলে গাজায় ইসরায়েলের আক্রমণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাস নেতা খালেদ মেশাল। গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ১৬২ জন ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে ৩৭ জনই শিশু। অপরদিকে, ইসরায়েল সীমান্তে হামাসের পাল্টা হামলায় পাঁচজন ইসরায়েলি নিহত হয়। বুধবার রাতে যুদ্ধবিরতি শুরুর আগের মুহূর্তেও উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত ছিল। তবে যুদ্ধবিরতি শুরুর পরে তার শর্তভঙ্গের বড় কোনো খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় জল, স্থল ও আকাশ থেকে হামলাসহ নির্ধারিত লক্ষ্যে হামলা চালানো বন্ধ রাখবে ইসরায়েল। অপরদিকে, গাজার ইসরায়েলি সীমান্তে রকেট হামলাসহ সব ধরনের হামলা বন্ধ রাখবে হামাসসহ সব ফিলিস্তিনি সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.