২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে চ্যাপলিনের টুপি-লাঠি

বিশ্বখ্যাত অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিনের বিখ্যাত বোউলার টুপি ও লাঠি নিলামে উঠছে এ সপ্তাহের শেষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বখ্যাত অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিনের বিখ্যাত বোউলার টুপি ও লাঠি নিলামে উঠছে এ সপ্তাহের শেষে। চ্যাপলিনের টুপি ও লাঠিটি চমৎকার অবস্থায় আছে বলে জানিয়েছে নিলাম সংস্থা বনহ্যামস। নিলামে এ টুপিটির মূল্য ৪০ হাজার মার্কিন ডলার ও লাঠিটির মূল্য ৬০ হাজার ডলার উঠবে বলে আশা করা হচ্ছে। আগামী রোববার লস অ্যাঞ্জেলেসে এ নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের এনডিটিভি। একইসঙ্গে নিলামে উঠছে বিখ্যাত সঙ্গীতশিল্পী জন লেননের নিজ হাতে আঁকা নিজের ও তার জাপানি স্ত্রী ইয়োকো ওনোর নগ্ন শরীরের স্কেচ, বিখ্যাত ব্যান্ড বিটলসের চার সদস্যের অটোগ্রাফসহ বিভিন্ন সংগ্রহ, জ্যাজ সঙ্গীতশিল্পী চার্লি পার্কারের স্যাক্সোফোন, অভিনেতা ও সঙ্গীতশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রার অটাগ্রাফসহ তার আঁকা তিনটি চিত্রকর্ম এবং অভিনেত্রী মেরিলিন মনরো কিছু জিনিস। চার্লি চ্যাপলিনের বোউলার টুপি ও লাঠিসহ তার জনপ্রিয় পোশাকটি তৈরি করা হয় ১৯১৪ সালের ফেব্র“য়ারি মাসে। হলিউডের বিভিন্ন স্টুডিও’র কয়েকজন অভিনেতার পোশাক নিয়ে এটি তৈরি করা হয়। চ্যাপলিনের বিখ্যাত ঢোলা প্যান্টটি ছিলো মার্কিন কৌতুকাভিনেতা ও পরিচালক ফ্যাটি আর্বাকলের, মোঁচটি ছিলো আরেক অভিনেতার এবং ১৪ নম্বর জুতোজোড়া ছিলো ফ্যাটি আর্বাকলের শ্বশুরের। বিশাল আকারের এ জুতো যাতে খুলে না পড়ে সেজন্য উল্টো পায়ে পড়তে হতো চ্যাপলিনকে। চ্যাপলিনের পোশাকের অংশ হিসেবে চিহ্নিত করার জন্য ৩২ ইঞ্চি লম্বা বাঁশের তৈরি লাঠিটির উপরে কালো কালি দিয়ে ‘সিসিএলটি ৩৬’ লেখা রয়েছে। নিলামে জন লেননের আঁকা ছবিটির মূল্য ১৮ থেকে ১২ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে। ১৯৬৮ সালে হলিউডের একটি অনুষ্ঠানের আগে বিটলস ব্যান্ডের চার সদস্যের অটোগ্রাফগুলো সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৬ হাজার ডলারে বিক্রি হতে পারে। এছাড়া চার্লি পার্কারের স্যাক্সোফোনটি ২২ থেকে ২৬ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২১ ঘ.