ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজা-ইসরায়েলে লড়াই আবার শুরু হওয়ার পর নতুন করে যুদ্ধবিরতির চেষ্টায় নেমেছেন আন্তর্জাতিক নেতারা। চলমান এ পরিস্থিতির মধ্যে বুধবার তেল আবিবে একটি বাসে বোমা হামলা হয়েছে।
ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ওই বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এটি সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে পুলিশ। বাসটি তেল আবিবের সামরিক সদরদপ্তর পার হওয়ার সময় বোমা হামলার শিকার হয়।
গাজায় হামাস সরকারের একটি ভবনসহ অন্যান্য লক্ষ্যে ইসরায়েলের অবিরাম হামলা এবং ইসরায়েলে হামাস জঙ্গিদের চলমান রকেট হামলার মধ্যে তেল আবিবে এ ঘটনা ঘটল।
হামাস গেরিলারা এ হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে গাজা। এতে করে যুদ্ধবিরতি আলোচনায় আরো জটিলতা দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতে গাজা-ইসরায়েল যুদ্ধবিরতির সম্ভবনা ভেস্তে যাওয়ায় ফের দুপক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পশ্চিম তীর জেরুজালেম এবং কায়রোয় আন্তর্জাতিক নেতাদের আলোচনা চলছে।
যুদ্ধবিরতির চেষ্টা চালাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গাজার পশ্চিম তীর সফর করেছেন। এরপর ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি কায়রোয় যাবেন।
ফিলিস্তিনি সূত্র ধারণা করেছিল, মঙ্গলবার যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা হতে পারে। কিন্তু ইসরায়েল বলছে, কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।
দুপক্ষ এখনো যুদ্ধবিরতি করার আগে নিজ নিজ শর্তপূরণের দাবিতে অটল রয়েছে। ইসরায়েলের ইয়েদিয়থ আহরনথ পত্রিকা বলেছে, অতিরিক্ত আলোচনার পর নতুন যুদ্ধবিরতি চুক্তির রূপরেখায় মিশরকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানানো হয়েছে।
যুদ্ধবিরতির ওই প্রস্তাবে ইসরায়েল-গাজা কারোরই সই করার প্রয়োজন পড়বে না। কেবল ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করে গাজা অবরোধ তুলে নেয়ার ব্যবস্থা করতে হবে। আর হামাসকে ইসরায়েলে রকেট হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে।
আট দিন আগে শুরু হওয়া গাজা-ইসরায়েল লড়াইয়ে ১৩৬ জন ফিলিস্তিনি ও ৫ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুধু মঙ্গলবার নিহত হয়েছে কমপক্ষে ২০ ফিলিস্তিনি ও ২ ইসরায়েলি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য পশ্চিম তীরের রামাল্ল¬ায় যান হিলারি ক্লিনটন। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য ওই অঞ্চলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
মঙ্গলবার মধ্যরাতে যুক্তবিরতি চুক্তিতে দুপক্ষ রাজি বলে দাবি করেছিল হামাস। কিন্ত পরে ইসরায়েল জানায় কোন লিখিত চুক্তি হয়নি।
ইসরায়েলের দাবি, গাজা থেকে যেন কোন হামলা না হয় এবং হামাস যেন আবারো সশস্ত্র না হয়ে উঠে এজন্য আন্তর্জাতিক পদক্ষেপ গহণ করা।
অন্যদিকে, হামাসের দাবি গাজা অবরোধ তুলে নেয়া এবং কৌশলগতভাবে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৩ঘ.
bdnews24