২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলের নেটো ঘাঁটির কাছে বোমা হামলা, নিহত ২

কাবুলের প্রধান কূটনৈতিক এলাকায় নেটো ঘাঁটির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় দুইজন আফগান রক্ষী নিহত হয়েছেন। হামলার পরপরই দায়িত্ব স্বীকার করেছে তালেবান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কাবুল, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলের প্রধান কূটনৈতিক এলাকায় নেটো ঘাঁটির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় দুইজন আফগান রক্ষী নিহত হয়েছেন। হামলার পরপরই দায়িত্ব স্বীকার করেছে তালেবান। বুধবার সকালে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, “ঘাঁটির সামনে এসে আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। হতাহতরা সবাই আফগান রক্ষী।” এক বিবৃতিতে কাবুলের পুলিশ প্রধান জানান, বিস্ফোরক ঠাসা একটি জ্যাকেট গায়ে দ্বিতীয় আর এক হামলাকারী ঘাঁটির সামনে উপস্থিত হলে আফগান নিরাপত্তাবাহিনী তাকে গুলি করে হত্যা করে। আত্মঘাতী হামলায় পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ক্যাম্প ইগারস নামে পরিচিত এই ঘাঁটিটি আফগানিস্তানে নেটো বাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আফগানিস্তানে মোতায়েন বহুজাতিক বাহিনীর প্রায় আড়াই হাজার সেনা বসবাস করে। হামলার পরপরই অজ্ঞাত স্থান থেকে রয়টার্সের কাছে টেলিফোনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করেন। আক্রান্ত স্থানটির কাছাকাছি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাসসহ প্রায় এক ডজন দূতাবাস রয়েছে। আফগানিস্তানে মোতায়েন নেটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স (আইএসএএফ) এর সদর দপ্তরও এই কূটনৈতিক এলাকায় অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৪ ঘ.