২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তায় মমতার অনাস্থা প্রস্তাব

ভারতে মনমোহন সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাস্থা প্রস্তাবে সমর্থন দেবে না বাম দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে মনমোহন সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাস্থা প্রস্তাবে সমর্থন দেবে না বাম দলগুলো। তাছাড়া বেশিরভাগ বিরোধী দলই এর সফলতা নিয়ে শঙ্কিত। পার্লামেন্টের শীতকালীন অধিবেশেনে এ প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন মমতা। লোকসভায় এ প্রস্তাব পাসের জন্য ৫০ সদস্যের সমর্থন প্রয়োজন। কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে মাত্র ১৯টি আসন রয়েছে। তাই মমতার ভরসা ছিল বিরোধী বামদলগুলো। কিন্তু সিপিএম’সহ বামদলগুলো তার এ প্রস্তাবে সমর্থন না দেয়ার কথা জানালে হুমকির মুখে পড়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর এ পরিকল্পনা। মমতা ধরে নিয়েছিলেন সিপিআই(এম) তাকে সমর্থন দেবে। কিন্তু দলটি দৃঢ়ভাবে সমর্থন না দেয়ার কথা জানিয়ে দিয়েছে। সিপিআইএ(এম)’র সাধারণ সম্পাদক প্রকাশ কারাত জানিয়েছেন, আমরা মমতার প্রস্তাবে সমর্থন দেব না। খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে বিতর্ক ও ভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের চেয়ে এটি আরো বেশি কার্যকর হবে বলে মনে করছে সিপিএম। অন্যদিকে, আরেক বাম দল সিপিআই প্রথমে অনাস্থা প্রস্তাবে সমর্থন জানানোর কথা বললেও এখন উল্টো সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, এ ব্যাপারে অস্পষ্ট অবস্থান নিয়েছে বিজেপি। লোকসভার প্রধান বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজকে ফোন করে তাদের অবস্থান বোঝার চেষ্টা করে স্পষ্ট কিছু জানতে পারেননি মমতা। তাই সব মিলিয়ে অনিশ্চয়তায় পড়েছে মমতার অনাস্থা প্রস্তাবের ভবিষ্যত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৫ঘ.